৬৭ বছর পর জন্মভিটায়
৬৭ বছর পর জন্মভিটার মাটি ছুঁয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বিশিষ্ট রসায়নবিদ ও লেখক সুনীল তলাপাত্র। নিজে কাঁদলেন, কাঁদালেন উপস্থিত সবাইকে। কাঁদলেন সঙ্গে থাকা তাঁর স্ত্রী রসায়নবিদ ও লেখক সাবেক অধ্যাপক বাণী তলাপাত্রও।
গত শুক্র ও শনিবার এই অধ্যাপক দম্পতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী কালীকচ্ছ গ্রাম ঘুরে দেখেন। এই গ্রামেই জন্ম তাঁর। নিজের জন্মভিটা, বিপ্লবী উল্লাসকর দত্তের বসতবাড়ি, সর্বধর্ম সমন্বয়ের প্রতিষ্ঠাতা মহারাজ আনন্দ স্বামীর আশ্রমসহ বিভিন্ন স্থানে যান সুনীল। জন্মভিটায় গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন; একপর্যায়ে জন্মভিটার মাটি ছুঁয়ে কেঁদে ফেলেন তিনি। তাঁর কান্না ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে।
স্থানীয় সূত্র জানায়, অধ্যাপক দম্পতি ২১ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আসেন ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনীর চতুর্থ পর্বে অংশ নিতে। তাঁরা গত শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে কালীকচ্ছ গ্রামে পৌঁছান। তাঁদের স্বাগত জানান স্থানীয় সাংসদ (সরাইল-আশুগঞ্জ) ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা। শুক্রবার রাত আটটায় জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সুনীল তলাপাত্র বলেন, ‘কালীকচ্ছ আমার জন্মভূমি। কালীকচ্ছ পাঠশালা থেকে ১৯৪৭ সালে ম্যাট্রিক (এসএসসি) পাস করে কলকাতায় চলে যাই। দেশভাগের যন্ত্রণায় আর আসা হয়নি।’ তিনি বলেন, ‘জীবনের প্রতিটি মুহূর্ত আমার জন্মভিটার কথা মনে পড়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও এত দিন আসতে পারিনি। এখন সময় পেলেই আসব।’
সুনীল তলাপাত্র বলেন, ‘এত বছর পর জন্মভিটায় পৌঁছে নিজেকে ঠিক রাখতে পারছি না। জন্মভিটার মাটি ছুঁয়ে দেখতে পেরেছি, এ বড় ভাগ্যের বিষয়।’ তাঁর স্ত্রী বাণী তলাপাত্র বলেন, ‘স্বামীর জন্মভূমি তথা পুণ্যভূমিতে আসতে পেরে আমি গর্বিত।’ কালীকচ্ছ গ্রামের বাসিন্দা জিয়াউল হক মৃধা বলেন, কালীকচ্ছ গ্রামে প্রাচীনকাল থেকে অসংখ্য খ্যাতিমান মানুষের জন্ম হয়েছে। পরে অধ্যাপক দম্পতিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।