৬৭ হাজার মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি ৬৭ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশে করেছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ মঙ্গলবার সংসদে পিনু খানের এক প্রশ্নোত্তরের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত সব দ্বিপক্ষীয় বৈঠক ও ফরেন অফিস কনসাল্টেশনে আমরা মিয়ানমার থেকে আনা সব অনুপ্রবেশকারীকে ফিরিয়ে নেওয়ার জন্য নিয়মিত দাবি উত্থাপন করে আসছি।’
মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্যমান সাম্প্রদায়িক অস্থিতিশীলতা, মিয়ানমার সরকারের মুসলিমবিরোধী অভ্যন্তরীণ নীতিমালা এবং ওই অঞ্চলের প্রতিকূল আর্থসামাজিক সমস্যার কারণে কয়েক দফায় মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, বর্তমানে ৩৩ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থী বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন পরিচালিত দুটি রেজিস্টার্ড ক্যাম্পে এবং তিন লাখের অধিক অনিবন্ধিত মিয়ানমার নাগরিক বিভিন্ন অস্থায়ী শেল্টারে অবস্থান করছে। তবে সম্প্রতি আরও ৬৭ হাজার মিয়ানমার নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশে করেছে।
মামুনুর রশীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের গত মেয়াদে ৩২ হাজার ৩১টি এবং এবারের মেয়াদে ৫০ হাজার জনবল বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তের আলোকে গত চার বছর পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে ৪৫ হাজার ৬১০টি নতুন পদ সৃজন করা হয়েছে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার উৎস দেশ মিয়ানমার হওয়ায় ২০১১ সালের ১৫-১৬ নভেম্বর মিয়ানমারের ইয়াঙ্গুনে এবং ২০১৫ সালের ৫-৬ মে ঢাকায় উভয় দেশের মাদক নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থার মহাপরিচালক পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩-১৫ ফেব্রুয়ারি এ বিষয়ক তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে; যা ইয়াবাসহ অন্যান্য মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফরিদুল হক খানের প্রশ্নোত্তরে আসাদুজ্জামান খান বলেন, দেশে কোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে মাদকাসক্তি চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এ পর্যন্ত ১৭৯টি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে চিকিৎসার লাইসেন্স দেওয়া হয়েছে; যা দেশের চাহিদার তুলনায় অপ্রতুল।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গত বছর ২ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার, ১৭৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।