৬৭২ জন ভোটার বাদ হাইকোর্টের রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের ৬৭২ জন ভোটার বাদ দিয়ে ঝালকাঠি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের আদেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিলের শুনানি শেষে এ রায় প্রদান করেন। শুনানিতে অংশ নেওয়া বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।গত ১৩ মার্চ ও গতকাল মঙ্গলবার শুনানি হয়। শুনানীতে বাদী পক্ষে অংশ নেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। রিট আবেদনকারী ঝালকাঠি পৌরসভার মেয়র আবদুল হালিম গাজীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও তৌফিক ইনাম। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।গত ১৩ জানুয়ারি ঝালকাঠি পৌরসভার নির্বাচনের দিন ধার্য ছিল। উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের ৬৭২ জন ভোটারকে অবৈধ দাবি করে পৌরসভার মেয়র আবদুল হালিম গাজী ২০১০ সালের ৬ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। নির্বাচনে মেয়র প্রার্থী লিয়াকত আলী তালুকদারের ছেলে মনিরুল ইসলাম তালুকদার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর আপিল করলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন গত ২৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য করেন। ২৭ ডিসেম্বর মেয়র আবদুল হালিম গাজী এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ ২৭ জানুয়ারির আগে হাইকোর্টকে মূল রিট মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেন। ২৩ জানুয়ারি হাইকোর্ট মূল রিট মামলার রায় দেন। রায়ে ঝালকাঠি পৌরসভার উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের বিতর্কিত ৬৭২ জন ভোটারকে বাদ দিয়ে নতুনভাবে নির্বাচনী কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।