৬৭৩ শিক্ষক সিলেকশন গ্রেড পেলেন
বিসিএস শিক্ষা ক্যাডারের ৬৭৩ জন শিক্ষককে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর ফলে সরকারি কলেজের ৫৩৭ জন প্রভাষক নবম থেকে পঞ্চম গ্রেডে উন্নীত হলেন। আর ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেডে উন্নীত হলেন ১৩৬ জন সহকারী অধ্যাপক।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাবেন কি না, তা নিয়ে এসব শিক্ষকের মধ্যে হতাশা ও দ্বিধাদ্বন্দ্ব ছিল। প্রজ্ঞাপন জারি হওয়ার পর তা দূর হবে।
অষ্টম বেতনকাঠামো অনুযায়ী প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারা চাকরির ৪, ১০ ও ১৫ বছর পার করে সিলেকশন গ্রেড অর্থাৎ আগের গ্রেডের পরবর্তী ধাপে বেতন পেয়ে আসছেন। গত সেপ্টেম্বরে সরকারি কর্মচারীদের জন্য মন্ত্রিসভায় নবম বেতনকাঠামো অনুমোদিত হয়। এতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না রেখে মূল বেতনের শতকরা হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। তবে সেই গেজেট এখন পর্যন্ত প্রকাশ হয়নি।
এর আগে গত নভেম্বরের প্রথম সপ্তাহে ১ হাজার ৮৯৭ জন সহকারী অধ্যাপককে সিলেকশন গ্রেড দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।