৬৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাতজনের দোষ স্বীকার
বিডিআর বিদ্রোহের মামলায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ সদস্যের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার অভিযোগ গঠন শেষ হয়েছে। তাঁদের মধ্যে মাত্র সাত জওয়ান দোষ স্বীকার করে আদালতের অনুকম্পাপ্রার্থী হয়েছেন।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১১তে মামলাটির বিচার চলছে। অভিযোগ গঠন-প্রক্রিয়ায় তিন দিনে ৬৭৫ জওয়ানকে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। গতকাল প্রত্যেক জওয়ানকে জিজ্ঞাসা করা হয়, তাঁরা দোষী, না নির্দোষ। গতকাল সকাল ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। শুরুতেই আদালত ৭৫ আসামিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। একবার বিরতি দিয়ে আবার বেলা ১১টা থেকে ৬৭৫ আসামির প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা দোষী, না নির্দোষ।এদিকে গতকাল আদালত থেকে বের হওয়ার সময় হইচই করেন আসামি সিপাই সেলিম রেজা। আদালত মুলতবি হওয়ার পর মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল কাজী অনিরুদ্ধ যখন সাংবাদিকদের ব্রিফ করছিলেন, তখন পেছন দিয়ে বের হচ্ছিলেন আসামিরা। হঠাৎ দাঁড়িয়ে যান সেলিম রেজা। তিনি চিৎকার করতে থাকেন, ‘স্যার, সিপাই ইব্রাহিমকে মারধর করা হচ্ছে। সিও স্যার, দেখেন, ইব্রাহিমকে মারধর করছেন এক মেজর।’ সাংবাদিকদের উদ্দেশে এই সিপাই বলতে থাকেন, ‘আপনারা কী করেন? আদালতের ভেতরে আসামিদের মারধর করা হয়।’ পরে পুলিশ ও বিডিআর সদস্যরা তাঁকে সরিয়ে নেন। সেলিম রেজার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।এ ব্যাপারে প্রসিকিউটর কাজী অনিরুদ্ধ বলেন, এই ব্যাটালিয়নে বেশ কয়েকজন গুরুতর অপরাধের আসামি রয়েছেন। তাঁরা সিআইডির মামলারও আসামি। এঁদের মধ্যে সেলিম রেজা অন্যতম। মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি ‘সিন ক্রিয়েট’ করেছেন। ভেতরে কোনো আসামিকে কোনো ধরনের মারধর করা হয়নি। তিনি বলেন, ‘এটা আদালতের বাইরের ঘটনা। তার পরও আমি বিষয়টি আদালতকে লিখিতভাবে জানাব।’এ বিষয়ে বিডিআরের মেজর একরাম জানিয়েছেন, আদালত থেকে আসামিদের বের করার সময় সিপাই ইব্রাহিম একটি চিরকুট বাইরে পাঠানোর চেষ্টা করছিলনে। তিনি বিষয়টি বুঝতে পেরে সিপাই ইব্রাহিমের কাছ থেকে চিরকুটটি উদ্ধার করেন এবং ওই ব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন। আদালতে ইব্রাহিমকে মারধরের কোনো প্রশ্নই ওঠে না।গতকাল বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ। আদালতকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত হোসেন, মেজর আলমগীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদউল্লাহ কিসলু।