
কয়েক দিনের টানা বৃষ্টিতে পিচ ও খোয়া উঠে রাজবাড়ীতে প্রায় ৬৮ কিলোমিটার মহাসড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
ক্ষতিগ্রস্ত ওই অংশের মধ্যে ঢাকা-দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের ১৯ ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিকমহাসড়কের ৪৯ কিলোমিটার পড়েছে। এই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রী ও চালকেরা।
সওজ বিভাগের রাজবাড়ী কার্যালয় সূত্র জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের পিচ ও খোয়া উঠে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই কারণে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গি পর্যন্ত ৪৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় আট কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
গত বৃহস্পতি ও শুক্রবার ঘুরে দেখা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ওই ১৯ কিলোমিটার অংশজুড়ে খোয়া ও পাথর বের হয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কাদাপানি ছিটকে সড়ক দিয়ে চলাচলকারী মানুষের কাপড় নষ্ট হচ্ছে। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের অবস্থাও প্রায় একই রকম। এই দুটি সড়কের গর্তগুলোতে বৃষ্টি হলে কাদাপানি এবং রোদ হলে ধুলা ওড়ে।
ফরিদপুর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চালক জহুরুল ইসলাম বলেন, অসংখ্য গর্তের কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে গেছে। আগে ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে সময় লাগত ৩০ থেকে ৩৫ মিনিট। সেখানে বর্তমানে সময় লাগছে এক ঘণ্টার বেশি। মুমূর্ষু রোগীদের নিয়ে যাওয়ার সময় গর্তে চাকা পড়ে ঝাঁকুনি খাওয়ায় রোগীর অবস্থা আরও খারাপ হচ্ছে।
যশোর থেকে আসা ঈগল পরিবহনের বাসের চালক আলাউদ্দিন শেখ বলেন, অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে গাড়ির গতি মাঝেমধ্যে ২০ কিলোমিটারে নেমে আসে। এ কারণে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। আবার মাঝেমধ্যে মাঝপথে গর্তে চাকা পড়ে গাড়ির এক্সেলসহ মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সড়ক মেরামত করা না হলে চলাচল করাই মুশকিল হয়ে পড়বে।
ব্যাটারিচালিত মহেন্দ্রচালক জাহিদুল ইসলাম বলেন, আগে গোয়ালন্দ মোড় থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড পৌঁছাতে সময় লাগত সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট। সেখানে বর্তমানে লাগছে ৩০ থেকে ৪০ মিনিট। রাতে পুরো শরীর ব্যথায় কাহিল হয়। মাঝেমধ্যে গাড়ি নষ্ট হয়।
এই পথে চলাচলকারী জিল্লুর রহমান নামের একজন বলেন, এই সড়কে কীভাবে চলাচল করে মানুষ? এসব কি দেখার কেউ নেই?
জানতে চাইলে রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসব সড়কে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু একদিকে কাজ করা হলে অন্যদিকে বৃষ্টি সব বিনষ্ট করে। জরুরি ভিত্তিতে জাতীয় মহাসড়ক মেরামতের জন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প আকারে বরাদ্দের কথা জানানো হয়েছে। জাতীয় মহাসড়ক ভালোভাবে মেরামত করতে হলে ২০ থেকে ২২ কোটি টাকা লাগবে। এ ছাড়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদিত দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।