৬৮ শতাংশ মানুষ জলবায়ু প্রকল্প সম্পর্কে জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প এলাকার ৬৮ ভাগ মানুষের জলবায়ু প্রকল্প ও এর কাজ সম্পর্কে ধারণা নেই, এ প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন স্থানীয়ভাবে প্রভাবিত, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ করা হয়, স্থানীয় ব্যক্তিদের প্রকল্প প্রণয়ন ও তদারকিতে কোনো ভূমিকা নেই।
গতকাল বুধবার ফরিদপুরে ‘জলবায়ু অর্থায়ন ও প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও জনঅংশগ্রহণ চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় উল্লিখিত বক্তব্য তুলে ধরা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্পৃক্ত অংশীজনের সঙ্গে’ এ মতবিনিময় সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘জলবায়ুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ নয়, অনুদান দিতে হবে’ দাবি জানিয়ে বক্তারা বলেন, বিশ্বের জলবায়ু নষ্ট হচ্ছে শিল্পোন্নত ধনী দেশগুলোর কর্মকাণ্ডে। প্রতিবছর যে পরিমাণ কার্বন বাতাসে যুক্ত হচ্ছে, তার ৭০ ভাগ জোগানদার শিল্পোন্নত তিনটি দেশ। অথচ এর কুফল প্রধানত ভোগ করতে হচ্ছে স্বল্পোন্নত দেশগুলোকে।
জলবায়ুর তহবিল থেকে প্রাপ্ত প্রকল্পের কাজ ‘স্বচ্ছতা, জবাবদিহি ও জনঅংশগ্রহণ’ ভিত্তিতে করার দাবি জানিয়ে বক্তারা বলেন, জলবায়ু তহবিল শুধু অর্থ নয়, এটা মানুষসহ সব প্রাণীর অস্তিত্ব রক্ষার তহবিল, এতে দুর্নীতি ও অপচয়ের কোনো সুযোগ নেই।
সনাক ফরিদপুরের সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন টিআইবির জলবায়ু অর্থায়নে সুশাসন প্রকল্পের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক মু. জাকির হোসেন খান।