৬৯ কিমি দুই কারণে বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের ৬৯ কিলোমিটারে চলতি বছর অন্তত ২৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ ঝরেছে ৬৫ জনের। আহত হয়েছে চার শতাধিক মানুষ। যাত্রী ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সড়কটি প্রয়োজনের তুলনায় সরু। অথচ এ সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলে।

মাদারীপুর ট্রাফিক ও হাইওয়ে পুলিশ বলছে, জাতীয় মহাসড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়কে ৬০ ও জেলা সড়কে ৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর নিয়ম রয়েছে। কিন্তু চালকেরা এ নিয়মনীতির তোয়াক্কা করেন না।

হাইওয়ে পুলিশের ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মহসিন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের যা অবস্থা, তাতে কোনো অবস্থাতেই ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু দূরপাল্লার গাড়িগুলো এখানে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলে।

বেপরোয়া এই গতির কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চলতি বছরে এ সড়কে ২৪টি দুর্ঘটনার বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা হয়েছে। এসব ঘটনায় ৬৫ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

গত ২৭ মে ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের সমাদ্দার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। সমাদ্দার ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে রেলিং ভেঙে বাসটি বাঁ দিকের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান বাসের নয়জন যাত্রী। সর্বশেষ গত ১৯ নভেম্বর ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় খাদে পড়ে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়।

ঢাকা থেকে ঝালকাঠিগামী একটি বাসের যাত্রী বেলায়েত হোসেন বলেন, ‘এ সড়কে দূরপাল্লার গাড়ি খুবই বেপরোয়া গতিতে চলে। বেপরোয়া গতির কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। গাড়িতে যখন থাকি, তখন দোয়া-দরুদ পড়তে থাকি।’

মাদারীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ঢাকা-বরিশাল মহাসড়ক ২০০৩ সালে জাতীয় মহাসড়কের শ্রেণিভুক্ত হয়। সে হিসেবে সড়কটি ৩২ ফুট চওড়া করার কথা। কিন্তু শিবচরের কাওড়াকান্দি থেকে কালকিনি উপজেলার ভূরঘাটা পর্যন্ত ওই ৬৯ কিলোমিটার মাত্র ২৪ ফুট প্রশস্ত রয়েছে। ২০০৩ সালেও তা-ই ছিল।

মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কটি প্রশস্ত করার জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করবে তাঁর দপ্তর।

দুর্ঘটনার জন্য সড়কটির এই অপ্রশস্ততাকেই দায়ী করছেন শ্রমিকনেতা ও গাড়িচালকেরা। তাঁরা বলছেন, নামেই এটি জাতীয় মহাসড়ক।

মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফায়জুল শরীফ বলেন, সড়কটি অতি মাত্রায় সরু। তা সত্ত্বেও ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকতে অনেকে বেশি গতিতে গাড়ি চালান। প্রতিনিয়ত চালকদের সঙ্গে সভা করে তাঁরা বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করছেন। পাশাপাশি সড়কে নছিমন, মাহিন্দ্র, ইজিবাইকসহ বিভিন্ন যান চলে। এগুলোর চালকেরা দক্ষ নন। এটাও দুর্ঘটনার বড় কারণ।

মাদারীপুর পুলিশের ট্রাফিক পরিদর্শক গোপাল কৃষ্ণ মিস্ত্রি প্রথম আলোকে বলেন, গাড়ির গতি নির্ধারণের জন্য সরকার জেলা পর্যায়ে একধরনের যন্ত্র দিচ্ছে। কিন্তু মাদারীপুরে এখনো দেওয়া হয়নি। যন্ত্রটি পাওয়া গেলে গতি পরীক্ষা করার মাধ্যমে চালকদের আইনের আওতায় আনা যাবে।