৬৯ কিলোমিটারে ৬২ গতিরোধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কপথে শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব ৬৯ কিলোমিটার। এই ৬৯ কিলোমিটারে রয়েছে ছোট-বড় ৬২টি গতিরোধক। ফলে মাত্র সোয়া এক ঘণ্টার রাস্তা পাড়ি দিতে হচ্ছে দুই থেকে আড়াই ঘণ্টায়। এতে একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা। অপর দিকে বারবার ব্রেক কষায় যানবাহনেও ত্রুটি দেখা দিচ্ছে। এ অবস্থায় অপ্রয়োজনীয় গতিরোধকগুলো তুলে নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী, চালক ও বাসের মালিকেরা।শেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা বাস-কোচ মালিক সমিতি সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে সড়কটি নির্মাণের সময় কোনো গতিরোধক ছিল না। ধীরে ধীরে সড়কের পাশের এলাকায় হাটবাজার ও জনবসতি গড়ে ওঠায় যানবাহনের নিরাপদ চলাচল বিঘ্নিত হতে থাকে। বাড়তে থাকে দুর্ঘটনা। তখন স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটির বিভিন্ন স্থানে ৬২টি গতিরোধক স্থাপন করা হয়। এতে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে। আর শেরপুর থেকে ময়মনসিংহে যেতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা।ময়মনসিংহ জেলা শহরের সানকিপাড়া মহল্লার বাসিন্দা মো. সালাহউদ্দিন একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। চাকরির প্রয়োজনে প্রায়ই তাঁকে শেরপুর যাতায়াত করতে হয়। তিনি কৌতুক করে বলেন, ‘এটি এখন আর মহাসড়ক নয়, এটি এখন মহাগতিরোধক।’গত ২৬ জুন সড়কটিতে চলতে গিয়ে সরকারি ওই কর্মকর্তারই কথার সত্যতা পাওয়া গেল যেন। দেখা যায়, শেরপুর থেকে নকলা উপজেলা সদর পর্যন্ত মাত্র ২০ কিলোমিটারের মধ্যে ২৮টি গতিরোধক পার হতে হচ্ছে। তা ছাড়া অধিকাংশ গতিরোধকই উঁচু এবং এগুলোর আগে-পরে কোনো চিহ্ন দেওয়া হয়নি। ফলে চালকেরা সতর্ক হতে পারছেন না।ড্রিমল্যান্ড পরিবহনের চালক মোহামঞ্চদ আলী বলেন, এত গতিরোধকে তাঁদের অতিরিক্ত প্রায় ৪০ মিনিট লাগে এ দূরত্ব পার হতে। কোথাও কোথাও গতিরোধকগুলো এত উঁচু যে সামান্য অসাবধানতায় দুর্ঘটনা ঘটতে পারে।জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন বলেন, গতিরোধকের ব্যাপারে যাত্রী ও চালকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সওজকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গতিরোধকগুলো এ সড়কে চলাচলকারী যানগুলোর নিরাপত্তার কারণ না হয়ে বরং ভোগান্তির কারণ হয়ে উঠেছে। শেরপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহমেদ বলেন, ‘সওজের রাস্তায় গতিরোধক দেওয়ার নিয়ম নেই। কিন্তু স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের চাপে আমরা গতিরোধক দিতে বাধ্য হচ্ছি।’ তিনি এ মহাসড়কের অপ্রয়োজনীয় গতিরোধক তুলে নিতে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন বলে জানান।