মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার মাইকে সরগরম হয়ে উঠেছে পাবনার ঈশ্বরদী শহর। বেলা দুটার পর থেকে রাত নয়টা পর্যন্ত বাজার, পাড়া-মহল্লা ও রাস্তায় রাস্তায় চলছে মাইকিংয়ের মহোৎসব। মাইকের শব্দদূষণে অতিষ্ঠ হয়ে উঠছেন ঈশ্বরদী পৌরবাসী।পৌরসভায় মেয়র পদে তিনজন ও কাউন্সিলর পদে নারীসহ মোট ৬৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর নির্বাচন ২০১০ সালের আচরণবিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থী এলাকায় দুটি করে মাইক ব্যবহার করতে পারবেন। এর একটি প্রচারণা ও অপরটি পথসভার জন্য।খোঁজ নিয়ে জানা গেছে, এবারের নির্বাচনে প্রার্থীরা মাইকের প্রচারণায় জোর দিয়েছেন। পৌর এলাকার নয়টি ওয়ার্ডে বেলা দুটার পর থেকে রাত নয়টা পর্যন্ত একযোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও রাস্তায় রাস্তায় প্রত্যেক প্রার্থীর পক্ষে মোট ৬৯টি মাইক প্রচারণায় অংশ নেয়। প্রচার কর্মীরা রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় করে পাড়া, মহল্লা ও রাস্তার অলিগলিতে তীব্র শব্দে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এভাবে একসঙ্গে ৬৯টি মাইকের শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী।বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক সেলিম আহমেদ জানান, ঘন ঘন মাইকিংয়ের ফলে কান ‘ঝালাপালা’ হয়ে যাচ্ছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। শিশু থেকে শুরু করে রোগীদের প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে। দরিনারিচাপাড়ার শারমিন আক্তার জানান, দুপুরের পর থেকে মাইকের যন্ত্রণায় ঘরে থাকা মুশকিল হয়ে পড়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল হামিদ জানান, বর্তমানে শব্দদূষণের সহনীয় মাত্রা অতিক্রম করে ঈশ্বরদীতে ভোটের মাইকিং করা হচ্ছে। যা সাধারণ মানুষ ও রোগীদের জন্য চিন্তার বিষয়। ঈশ্বরদীর ইউএনও জাকির হোসেন জানান, প্রার্থীরা যদি মাইকের শব্দ কমিয়ে দেন তবেই শব্দদূষণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তিনি বলেন, ‘আগামী রোববার ঈশ্বরদীতে অনুষ্ঠিত নির্বাচনবিষয়ক সভায় প্রার্থীদের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে জানিয়ে দেওয়া হবে, যাতে তাঁরা মাইকিং করার সময় শব্দের তীব্রতা কমিয়ে প্রচারণা চালান।’