লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গতকাল রোববার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ১৮ হাজার বই পৌঁছায়নি।
দুই উপজেলার শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির সব কটি বিষয়ের বই এখনো পাওয়া যায়নি। এ কারণে দুই উপজেলার ৬৯ হাজার ৩৬৩ জন শিক্ষার্থীকে সব পাঠ্যবই এখনো বুঝিয়ে দেওয়া যায়নি। কবে নাগাদ বই পাওয়া যাবে তা নিশ্চিত করে জানাতে পারেননি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
রামগতি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব বিষয়ে রামগতি ও কমলনগর উপজেলায় চার লাখ ৫৬ হাজার ৬৯৬টি বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে রামগতিতে ১ লাখ ৭০ হাজার ৭১৯টি এবং কমলনগরে ১ লাখ ৬৭ হাজার ৪৯০টি বই পাওয়া গেছে।
এ বিষয়ে রামগতির ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মজিবর রহমান জানান, দ্বিতীয় শ্রেণির বাংলা, গণিত, তৃতীয় শ্রেণির বাংলা, চতুর্থ শ্রেণির বাংলা, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৭১ হাজার ৩৪২টি বই তাঁদের হাতে পৌঁছায়নি। তবে প্রথম শ্রেণির সব বই পাওয়া গেছে।
কমলনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার জানান, তাঁর উপজেলায় দ্বিতীয় শ্রেণির বাংলা, তৃতীয় শ্রেণির বাংলা, গণিত এবং চতুর্থ শ্রেণির বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৪৭ হাজার ১৪৫টি বই পাওয়া যায়নি। তবে প্রথম শ্রেণির সব বই মিলেছে।
দুই শিক্ষা কর্মকর্তা জানান, বই না পাওয়ার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এসব বই পাওয়া যাবে তা তাঁরা নিশ্চিত করতে পারেননি।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির রামগতি উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন ওসমান বলেন, সব বই না পেয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না। বইগুলো দ্রুত পাওয়া না গেলে সিলেবাসও শেষ করতে সমস্যায় পড়তে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, মুদ্রণ বিলম্বের কারণে নির্দিষ্ট সময়ে (১ জানুয়ারির আগে) বইগুলো পাওয়া যায়নি। তবে এখন কিছু বই তৈরি হয়ে আছে। কিন্তু অবরোধের কারণে সেগুলোও ঢাকা থেকে পাঠানো যাচ্ছে না বলে মুদ্রণ প্রতিষ্ঠানগুলো তাঁদের জানিয়েছে।