৬৯টি প্রাথমিক বিদ্যালয় চলছে তিনজন করে শিক্ষক দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে তিনজন করে শিক্ষক দিয়ে। জেলার একটি বিদ্যালয়ে শিক্ষক আছেন মাত্র দুজন। এতে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৬৯টি।সূত্র জানায়, খাগড়াছড়ি সদর উপজেলার ১৩টি বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা তিনজন করে। বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে এসব বিদ্যালয়ে শিক্ষক ছিলেন চারজন করে। পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির সময় কিছু শিক্ষক খাগড়াছড়ি শহরের আশপাশের বিদ্যালয়ে বদলি হয়ে যান। এর পর থেকে বিদ্যালয়গুলো চলছে তিনজন করে শিক্ষক দিয়ে।খাগড়াছড়ি পৌরসভার দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়া খীসা বলেন, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কাজে প্রায়ই উপজেলা ও জেলা কার্যালয়ে যেতে হয়। অংশ নিতে সরকারি নানা কর্মসূচিতে। এতে সমস্যা হয়। তিনি জানান, বিদ্যালয়ে প্রথম পালায় প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলে। দ্বিতীয় পালায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস হয়। আর পঞ্চম শ্রেণীর ক্লাস চলে দুই পালায়। তাই সব শিক্ষককে টানা ক্লাস নিতে হয়। বিজয়া খীসা বলেন, একজন শিক্ষক যদি টানা পাঁচ-ছয়টি ক্লাস নেন, তাহলে তিনি কতটুকু যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, তা সহজেই অনুমান করা যায়।খাগড়াছড়ি সদরের নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর গড় গর্য্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পল্টনজয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, খুবই কঠিন পরিস্থিতিতে তাঁদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে। তাঁরা বিদ্যালয় থেকে বদলি হয়ে যাওয়া শিক্ষকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পল্টনজয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুগম ত্রিপুরা বলেন, ‘তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পাঠদান কোনোভাবেই স্বাভাবিক রাখা যাচ্ছে না। আমি অনেকবার এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। কোনো উপায় না দেখে বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও অভিভাবকদের উদ্যোগে একজন অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই শিক্ষকের বেতন অভিভাবকেরাই বহন করছেন।’ খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্য বিকাশ ত্রিপুরা বলেন, ‘তিনজন শিক্ষক দিয়ে চলা বিদ্যালয়গুলোর অসুবিধার কথা অনেকবার বিভিন্ন ফোরামে আলোচনা করেছি। কিন্তু আমাদের এই দাবির কথা কেউ শোনেননি।’ খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি বিদ্যালয়ে একজন করে শিক্ষকের পদ বাড়ানো হবে। কয়েক মাসের মধ্যে খাগড়াছড়িতে ৫৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ৫৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাঁদের সবাইকে যে তিন শিক্ষকের বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে, তা নয়।