জয়পুরহাট সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ হাজার। শিক্ষকের পদ আছে ৬৯টি। কিন্তু এর মধ্যে শূন্য ২২টি পদ। সে হিসাবে এখন গড়ে ৩১৯ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন একজন করে। শিক্ষকসংকটে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
কলেজটিতে দীর্ঘদিন ধরে জীববিজ্ঞান বিভাগে দুজন শিক্ষক রয়েছেন। ওই বিভাগে সম্মান ও মাস্টার্স ক্লাসে শিক্ষার্থী আছেন ৫০০ জন। ওই দুই শিক্ষককেই প্রথমবর্ষ (ইন্টারমিডিয়েট) ও ডিগ্রি পাস কোর্সের আরও ৯০০ শিক্ষার্থীকে পড়াতে হয়। কলেজটিতে ৬৯টি শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ১৩টি সহযোগী অধ্যাপক পদের মধ্যে দুটি শূন্য। সহকারী অধ্যাপকের ১৫টি পদের একটি শূন্য। প্রভাষকের ৩৩টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৪ জন। বাকি ১৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে একমাত্র রসায়ন বিভাগে প্রদর্শক আছেন। তাই শিক্ষকদেরই পাঠদানের পাশাপাশি ব্যবহারিক ক্লাসগুলোও নিতে হচ্ছে। শিক্ষকেরা জানান, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ক্লাস খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রদর্শকের অভাবে ব্যবহারিক ক্লাস থেকে অধিকাংশ সময় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন।
ইংরেজি (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী মুসতারি ইয়াসমিন ও বিপুল কুমার হালদার বলেন, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। শিক্ষকসংকটে ক্লাসও ঠিকমতো হয় না। এ ছাড়া প্রতিনিয়ত বিভিন্ন বিভাগের পরীক্ষা লেগেই আছে। আর পরীক্ষা থাকলে শ্রেণিকক্ষ-সংকটে ক্লাস হয় না।
জীববিজ্ঞান বিভাগের (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবদুল্লাহ বলেন, তাঁদের বিভাগে মাত্র দুজন শিক্ষক। এ ছাড়া তাঁদের বিভাগে ব্যবহারিক ক্লাস নেওয়ারও কোনো শিক্ষক (প্রদর্শক) নেই। যে দুজন শিক্ষক আছেন তাঁরাই মাঝে মাঝে ব্যবহারিক ক্লাস নেন।
বিবিএস হিসাববিজ্ঞান প্রথম বর্ষ (পুরোনো) মোস্তাকিম হোসেন বলেন, শিক্ষকের অভাবে তাঁদের ঠিকমতো ক্লাস হয় না। গত শনিবার সম্মান পার্ট-২-এর পরীক্ষা থাকায় কলেজে কোনো ক্লাস হয়নি। পরীক্ষার জন্য শ্রেণিকক্ষ ছেড়ে দিতে হওয়ায় কক্ষসংকটে আর কোনো ক্লাস নিতে পারেননি শিক্ষকেরা।
জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, সম্মান প্রথম থেকে শেষ বর্ষ পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৫০০ জন। উচ্চমাধ্যমিক পর্যায়ে (ইন্টারমিডিয়েট) ৭০০ এবং ডিগ্রি পাস কোর্সে আরও ২০০ শিক্ষার্থী জীববিজ্ঞান বিষয় পড়েন। সব মিলিয়ে ১ হাজার ৪০০ জন শিক্ষার্থীকে পড়াতে হয় মাত্র দুজন শিক্ষককে। অনেক সময় সব দিন সময়ের অভাবে সব ক্লাস নেওয়াও সম্ভব হয় না।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ হাবিবুন নবী বলেন, তাঁর বিভাগে তিনিসহ মাত্র তিনজন শিক্ষক আছেন। এই তিনজনই সম্মান, মাস্টার্স, পাস কোর্স ও ইন্টারমিডিয়েট—সব মিলিয়ে কলেজের ৩ হাজার শিক্ষার্থীকে ইংরেজি পড়ান। ক্লাস নিতে নিতে হাঁপিয়ে ওঠেন। এমনিতেই ইংরেজি বিষয়টি শিক্ষার্থীদের কাছে কঠিন একটি বিষয়। সেখানে ক্লাস না হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন। তিনি আরও বলেন, ইংরেজি বিভাগে শিক্ষার্থী অনুপাতে ১২ জন শিক্ষক প্রয়োজন।
ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম আযম বলেন, কলেজটিতে পরীক্ষা নেওয়ার জন্য পৃথক একটি মিলনায়তন বানানো হলে সেখানে পরীক্ষা নেওয়া যেত। তখন আর কলেজে ক্লাস নেওয়ার জন্য কক্ষসংকট তৈরি হতো না। কলেজে ১৩টি বিষয়ে সম্মান ও ১১টি বিষয়ে মাস্টার্স পড়ানো হয়। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৮০ সালে জাতীয়করণ করা হয়। কলেজের একটি ছাত্রাবাস ও একটি ছাত্রী নিবাস রয়েছে। ছাত্রাবাসে ১৩০ ও ছাত্রী নিবাসে ৬০ জনের সিট রয়েছে। আরেকটি ১০০ সিটের ছাত্রী নিবাসের নির্মাণকাজ চলছে।
অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম বলেন, কলেজে ২২টি শিক্ষকের পদ শূন্য। পদগুলো পূরণের জন্য গত ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে। শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।