৬৯১ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ বছর এইচএসসি পাস করা ৬৯১ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।পুনর্নিরীক্ষণের ওই শিক্ষার্থীদের ফল পরিবর্তিত হয়েছিল। কিন্তু পুনর্নিরীক্ষণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় ওই শিক্ষার্থীদের উত্তরপত্র আবার পুনর্নিরীক্ষণ করা হচ্ছে। এ জন্য তাঁদের ফলের মূল নম্বরপত্র দেওয়া হচ্ছে না।এদিকে আজ রোববার ও কাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের মূল নম্বরপত্র নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। কিন্তু ৬৯১ জন শিক্ষার্থীর কেউই মূল নম্বরপত্র পাননি। ফলে ওই শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।এক শিক্ষার্থীর বাবা ও যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের ভর্তি পরীক্ষায় আমার ছেলে শরীফ আরফান মেধা তালিকায় স্থান পেয়েছে। ভর্তির আগে পরিবর্তিত মূল নম্বরপত্র না পেলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। একই কারণে আমার ছেলেটি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে পারছে না।’ শরীফ আরফানের বাবার মতো অনেক অভিভাবক এ অভিযোগ করেন। তাঁরা অতি দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান।এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সাড়ে পাঁচ শতাধিক খাতা পুনর্নিরীক্ষণে অনিয়ম করা হয়েছে। সেই খাতাগুলো আবার নিরীক্ষণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব বিষয়টির সুরাহা করা হবে এবং ওয়েবসাইটে দেওয়া পরীক্ষার ফলও কালই (আজ রোববার) সংশোধন করা হবে।