৬৯৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ৬৯৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর বাইরে দুজন দালালকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গতকাল রাতে উখিয়ার পানবাজার এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে ৭৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে মো. আনোয়ার হোসেন ও মো. জাকির হোসেন নামের দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে কক্সবাজার ৩৪ বিজিবির মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

টেকনাফ থানা-পুলিশ সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারে অনুপ্রবেশকালে আটজন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের টেকনাফ ২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববার রাত সাড়ে আটটা থেকে সোমবার সাত সাড়ে সাতটা পর্যন্ত নাফ নদ অতিক্রম করে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টাকালে ৬১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে রাত আটটার দিকে আটক মোট ৬২৪ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়।