৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ৭ অক্টোবর তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।
গতকাল বুধবার পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি আয়োজিত সমাবেশে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ১৮ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার ক্ষোভ যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। সরকারি দলের লোকজন দিয়ে পরিচালিত হওয়ায় পার্বত্য জেলা পরিষদগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ঘুষ-দুর্নীতির মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত এবং পার্বত্য এলাকাকে মেধাহীন করা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা সভাপতি টোয়েন চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসাংগঠনিক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, জনসংহতি সমিতির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক রিন্টু চাকমা।
সমাবেশের আগে শহরের কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনরূপা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।