৭ অধূমপায়ীকে সম্মাননা জানাল ঢাকা জেলা প্রশাসক
জীবনে কোনো দিন ধূমপান করেননি এমন সাতজন ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসক ও সেইভ দি রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সারডা) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে এই সম্মাননা জানানো হয়। একই সঙ্গে ধূমপানবিরোধী আন্দোলনে অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে বিশেষ সম্মাননা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, ধূমপান বা মাদক নিয়ন্ত্রণে পরিবারকেই প্রথমে এগিয়ে আসতে হবে।সিনিয়র সহকারী সচিব ও ন্যাশনাল ডিফেন্স কলেজের শিক্ষক নাজমুল হাসান, সারডার উপদেষ্টা নুরন নবী, বান্দরবানে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ড. মহিউদ্দিন, সমাজকর্মী সামিউল হোসেন, দৈনিক করতোয়ার ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সারডার আইন উপদেষ্টা জসিম উদ্দিন আহমেদ ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দীন—এই সাতজনকে অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় ।ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।