৭ ইউপি চেয়ারম্যানসহ অভিযুক্ত ২০৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২২ এপ্রিল হরতাল চলাকালে তাঁর নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে থানা ঘেরাও কর্মসূচি পালন ও ঢিল ছোড়াছুড়ির ঘটনায় পুলিশের দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গতকাল সোমবার দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে বিশ্বনাথের সাত ইউপি চেয়ারম্যানসহ ২০৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা হচ্ছেন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন আহমদ, সহসভাপতি দশঘর ইউপি চেয়ারম্যান শফিকউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক ও অলঙ্করি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ওরফে ধলা মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, দেওকলস ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তাহিদ মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস মিয়া।১৭ ইউপি চেয়ারম্যানের যৌথ বিবৃতি: ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনে হয়রানিমূলকভাবে বিশ্বনাথসহ সিলেটের বিভিন্ন স্থানে পুলিশ মিথ্যা মামলা দায়ের করে অভিযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সমর্থক ইউপি চেয়রম্যানরা। বিশ্বনাথের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানদের অভিযুক্ত করা এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে যৌথ বিবৃতিদাতারা হচ্ছেন: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মকন মিয়া, বরইকান্দির হাজি হাবিব হোসেন, কুচাইয়ের আবুল কালাম, তেতলীর উসমান মিয়া, সিলেট সদর উপজেলার টুকেরবাজারের শহীদ আহমদ, খাদিমনগরের দেলোয়ার হোসেন, হাটখোলার হাজি জমির উদ্দিন, জালালাবাদের জালাল উদ্দিন, জৈন্তপুর উপজেলার নিজপাটের আবদুল মালিক, গোয়াইনঘাট উপজেলার লেংগুড়ার লুৎফুল হক, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুরের বাবুল মিয়া, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দের নাসিরুল হক, বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুরের এম এ অদুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদরের জহিরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার ওসমানপুরের সৈয়দ মোতাহির আলী, তাজপুরের ইমরান রব্বানী ও বোয়ালজুরের হাজি আবদুন নূর।