৭ এপ্রিল খালেদাকে আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট–সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে আত্মপক্ষ সমর্থন করতে আগামী ৭ এপ্রিল আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করার পর ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। ৭ এপ্রিল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে বলেন, এ মামলায় ৩২ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। ৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ সাক্ষ্য দেন। আজ তাঁকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। আদালত সাক্ষ্য সমাপ্ত করে আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন।
অপর এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ওই দিন খালেদা জিয়াকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদি উপস্থিত না থাকেন তবে আদালত খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করতে পারেন।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন ভবনে বিশেষ আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
এদিকে আজও খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে আদালতে সময় চেয়ে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আবেদন করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।
এ মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এঁদের মধ্যে হারিছ চৌধুরী পলাতক, বাকিরা জামিনে আছেন।