৭ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন এলাকার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠনের মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি দেওয়ার কাজে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তিনটি শিক্ষা বোর্ডের সাতজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে তাঁদের ভুলের কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গত রোববার এই নোটিশ দেওয়া হয়। উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির অন্যতম শর্ত হলো প্রতিষ্ঠানটির একাডেমিক স্বীকৃতি।

ওই সাত কর্মকর্তার মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিনজন রয়েছেন। তাঁরা হলেন বোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক ও বর্তমানে বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী, কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন ও সাবেক উপ-কলেজ পরিদর্শক (বর্তমানে অন্য শাখায়) অদ্বৈত কুমার রায়। রাজশাহী বোর্ডের তিন কর্মকর্তা হলেন উপ-বিদ্যালয় পরিদর্শক মোহা. দুরুল হোদা, মঞ্জুর রহমান খান ও বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায়। অন্যজন দিনাজপুর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। তাঁরা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে গিয়েছিলেন। এ জন্য পরিদর্শন প্রতিবেদনকারী হিসেবে তাঁরা ওই সময়ে যে পদে ছিলেন, তা উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আশফাকুস সালেহীন গতকাল সোমবার বিকেলে বলেন, তিনি এখনো এ ধরনের নোটিশ হাতে পাননি।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিভিন্ন বোর্ড থেকে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির জন্য মন্ত্রণালয়ে আসা আবেদন যাচাইকালে দেখা যায়, ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসির পরীক্ষার তথ্যে ভুল রয়েছে। এসব ভুল ধরা পড়ায় ওই সব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন ভুল তথ্য দিলেন, সে জন্য অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।