৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্তিত্বহীন ও ভুয়া প্রতিষ্ঠানের নামে সাত কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের দায়ে ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমান নাম আইসিবি ইসলামিক ব্যাংক) সাত কর্মকর্তার নামে পৃথক আটটি মামলার অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২০০৬ সালের ২৯ ডিসেম্বর মতিঝিল থানায় মামলাগুলো করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপপরিচালক আবুল হোসেন, গোলাম মোস্তফা ও শফিকুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে গতকাল মঙ্গলবার এসব অভিযোগপত্র দাখিল করেন।গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আবুল হোসেন জানান, মতিঝিলে ওই ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে কর্মকর্তারা পরস্পরের যোগসাজশে প্রায় ৩৫ কোটি টাকা হাতিয়ে নেন। ২০০৫ সালে করা ওই জালিয়াতির অনুসন্ধান শেষে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর ৩৪টি মামলা করে দুদক। এর মধ্যে গতকাল আটটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। আরও পাঁচটি মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে এবং তা শিগগির দাখিল করা হবে। আটটি মামলাতেই সাত আসামি হচ্ছেন: ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শাহ মো. হারুন, জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, নির্বাহী কর্মকর্তা তরিকুল আলম, প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম এবং সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক।মামলার অপর তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ব্যাংকের ওই কর্মকর্তারা কয়েকজন ব্যক্তি ও ছোট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার নাম করে বিভিন্ন কাগজপত্রে সই নেন। তাঁদের গ্রাহক দেখিয়ে এবং ওই সব ভুয়া গ্রাহককে এক-দেড় লাখ টাকা করে ঋণ দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করে নেন।