
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল অংশের বাকেরগঞ্জ থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত ৭ কিলোমিটারের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি ও কাদায় পুরো সড়ক একাকার হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার সিনেমা হল থেকে বটতলা, লক্ষ্মীপাশা বাজার, ভরপাশা ইউনিয়ন পরিষদ, দাদুর হাট, দুধলমৌ মাধ্যমিক বিদ্যালয় এবং লেবুখালী ফেরিঘাট পর্যন্ত সড়কের অনেক স্থানের বিটুমিন উঠে গেছে। কোনো কোনো অংশে সড়ক বিভাগ বালু, মাটি ও পাথর দিয়ে রেখেছে। ওই সব অংশে বড় বড় খানাখন্দে কাদাপানি জমে আছে। ওই ৭ কিলোমিটার সড়কে নদীর ঢেউয়ের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে এই ৭ কিলোমিটার পার হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষ।
মহাসড়কের পাশের বাসিন্দাদের অভিযোগ, চার-পাঁচ মাস ধরে সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। মাঝখানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের লেবুখালী সেতুর কাজ পরিদর্শনে আসেন। তখন বড় বড় গর্তে ইট-বালু দিয়ে কোনোমতে ঢাকার চেষ্টা করে সড়ক বিভাগ। বৃষ্টি ও কাদাপানিতে সেগুলো উঠে গেছে। ফলে যাত্রী ও পথচারীরা মহাদুর্ভোগ পোহাচ্ছেন।
লেবুখালী সেতু এলাকায় মহাসড়কের পাশে দুধলমৌ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মহাসড়ক নয়, এটা এখন মহাদুর্ভোগের নাম হয়েছে। বড় বড় গর্তে কাদাপানি জমে থাকে। শিক্ষার্থীরা স্কুলে আসতে গিয়ে অনেক সময় গাড়ির চাকায় ছিটকে পড়া কাদাপানিতে ভিজে যায়। শিক্ষার্থীসহ শিক্ষকদের চরম দুর্ভোগের মধ্যে বিদ্যালয়ের কাজ চালাতে হয়। সড়কটি সংস্কার না করায় প্রায়ই দুর্ঘটনায় পড়ছে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন।
ভরপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান খান বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ৭ কিলোমিটার এলাকা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বেশির ভাগ স্থানে বিটুমিন নেই। কিছুদিন আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সেতুর কাজ পরিদর্শনে আসেন। তখন বড় বড় গর্তে ইটের খোয়ার সঙ্গে বালু দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। বৃষ্টিতে সেই ইট-বালু উঠে গিয়ে জলকাদায় এখন ডোবায় পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে চলতে গিয়ে যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।
দাদুর হাট এলাকার বাসিন্দা মো. মনির হোসেন বলেন, এটা রাস্তা নয়, মরণফাঁদ। প্রতিদিন ঢাকা-বরিশাল-কুয়াকাটা এবং পায়রা বন্দরে হাজার হাজার যানবাহন চলাচল করে। এসব যানবাহন এই অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না।
সওজ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বরিশাল থেকে কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত খানাখন্দ সংস্কারে দরপত্র আহ্বান শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও সড়কের খানাখন্দ ভরাট করা হয়েছিল। বৃষ্টিতে সেগুলো উঠে গেছে। ঠিকাদার কাজ করছেন। জরুরিভাবে সড়কটি মেরামত করা হবে।