৭ খুনে র্যাবের সাঈদ-আরিফ কেন গ্রেপ্তার নন?

র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনকে কেন নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে না, তা জানতে চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন চার দিনের মধ্যে মামুনুর রশীদকে নোটিশের জবাব দিতে বলেছেন। মামুনুর রশীদ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় চাকরি হারানো এই দুই সেনা কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতকাল ওই রিমান্ড শুনানির সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খানসহ অন্য আইনজীবীরা ওই দুই কর্মকর্তাকে সাত খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আজ আদালত কারণ দর্শানোর ওই আদেশ দেন।