৭ ঘণ্টা 'নিখোঁজ', পরে নিজ চৌকিতে বিজিবি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর মো. সাহজাহান (২০) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিজ চৌকিতে ফিরেছেন বলে বিজিবি জানিয়েছে।

তবে স্থানীয় লোকজনের দাবি, ভুল করে সীমান্তের ভারতীয় অংশে ঢুকে পড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাহজাহানকে ধরে নিয়ে যায়। পরে দুপক্ষের পতাকা বৈঠকের পর তাঁকে আবার নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকাল সাতটায় পরশুরামের ভারতীয় সীমান্তবর্তী কালিকাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) থেকে ডাক (চিঠি) নিয়ে বিলোনিয়া মজুমদারহাট সীমান্ত পর্যবেক্ষণ চৌকিতে (বিওপি) যাওয়ার পথে সাহজাহান নিখোঁজ হন। দুপুর দুইটার দিকে তিনি আবার নিজ বিওপিতে ফিরে আসেন।

ফেনীর জায়লস্কর ৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেদ মাহমুদ বলেন, সকালে সাহজাহান ডাক নিয়ে মির্জানগর ইউনিয়নের কালিকাপুর ক্যাম্প থেকে মজুমদারহাট ক্যাম্পে যাচ্ছিলেন। পথে নৌকায় করে স্থানীয় মুহুরী নদী পার হওয়ার পর ঘাট থেকে নিখোঁজ হন তিনি।

খালেদ বলেন, নিখোঁজের বিষয়টি তিনি বিএসএফকে অবগত করেন। তিনি আরও বলেন, ওই বিজিবি সদস্য মাত্র দুই মাস আগে চাকরিতে যোগ দিয়েছেন। হয়তো পথ ভুল করে সাময়িক নিখোঁজ থাকার পর আবার নিজ ক্যাম্পে ফিরে এসেছেন। বিএসএফ তাঁকে ধরে নিয়ে গেছে বলে কোনো খবর তাঁরা পাননি।

তবে খালেদ স্বীকার করেন, দুপুর দুইটার দিকে পরশুরামের বিলোনিয়া চেকপোস্টের বাংলাদেশ অংশে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে তিনি ও বিএসএফের পক্ষে ৮৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের সীমান্তে বিভিন্ন সমস্যা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।