ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আইনি জটিলতা এখনো কাটেনি। নির্বাচন কমিশন এ জটিলতা কাটিয়ে আগামী ৭ জুলাই এ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আজ মঙ্গলবারের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডকে সিটি করপোরেশন নির্বাচনী আইনের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ৭ জুলাই নির্বাচন করা সম্ভব না হলে ঈদের পর আগস্টের তৃতীয় সপ্তাহে নির্বাচন করার চিন্তাভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গতকাল সোমবার দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় দক্ষিণ সিটি করপোরেশনের সুলতানগঞ্জের ১৩টি এলাকা নিয়ে ৫৭ নম্বর ওয়ার্ড করে গেজেট প্রকাশ করেছে। কিন্তু ওয়ার্ডটিকে সিটি করপোরেশন আইনের প্রথম তফসিলে অন্তর্ভুক্ত করেনি। মন্ত্রণালয় কাজ করছে। তফসিলভুক্ত হওয়ার পর নির্বাচন করার বিষয়টি চিন্তাভাবনা করা হবে। নির্বাচন কমিশনার আবদুল মোবারক জানান, ৭ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণার চেষ্টা চলছে। সে ক্ষেত্রে আজকের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। কারণ, এরপর নির্বাচন অনুষ্ঠানের জন্য ন্যূনতম সময়ও থাকবে না। বিষয়টি পুরোপুরি নির্ভর করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর। গত ২২ মে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল কমিশনের। কিন্তু সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি এলাকাকে দক্ষিণ সিটিতে অন্তর্ভুক্ত করা এবং এ বিষয়ে আইনি জটিলতার আশঙ্কা থেকে কমিশন তফসিল ঘোষণা করেনি। কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে মন্ত্রণালয় সীমানা বিন্যাস করে সুলতানগঞ্জকে ৫৭ নম্বর ওয়ার্ড হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। এটিকে আইনের প্রথম তফসিলে অন্তর্ভুক্ত করা নিয়ে গতকাল কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এবং দ্রুত ৫৭ নম্বর ওয়ার্ডকে তফসিলে অন্তর্ভুক্ত করার তাগিদ দেয়। সূত্র আরও জানায়, আজ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ভোট গ্রহণের আগ পর্যন্ত ৩৪ দিন সময় পাওয়া যাবে। এর আগে সবচেয়ে কম সময় ৩৭ দিন হাতে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল।