৭ ডুবোচর, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের বঙ্গোপসাগর অংশে সৃষ্টি হয়েছে সাতটি ডুবোচর। আর নৌপথের নাফ নদীর ১৭ কিলোমিটার অংশে পাঁচ শতাধিক নিষিদ্ধ বেহেন্দি জাল বসিয়ে মাছ ধরছেন জেলেরা। এতে পর্যটকবাহী সাতটি জাহাজ ঝুঁকি নিয়ে চলাচল করছে ওই নৌপথে।
জাহাজ চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ডুবোচরে ধাক্কা লেগে জাহাজের তলা ফেটে যাওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া বেহেন্দি জালে আটকা পড়ে নৌযান উল্টেও যেতে পারে।
সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি এলসিটি কুতুবদিয়া, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও বে-ক্রুজ নামের চারটি পর্যটকবাহী জাহাজ প্রায় আড়াই ঘণ্টা ডুবোচরে আটকা ছিল। ২৮ জানুয়ারি আড়াই ঘণ্টা ডুবোচরে আটকা ছিল কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও এলসিটি কুতুবদিয়া। ১৫ ফেব্রুয়ারি এলসিটি কাজল ও বে-ক্রুজ প্রায় দুই ঘণ্টা ডুবোচরে আটকা পড়ে। এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি এলসিটি কুতুবদিয়া, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও এলসিটি কাজল প্রায় দেড় ঘণ্টা ডুবোচরে আটকা ছিল।
পর্যটকবাহী জাহাজ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, ডুবোচর চিহ্নিত করতে পর্যাপ্ত বয়া স্থাপন করা হয়নি। এতে যেকোনো সময় জাহাজ ডুবোচরে আটকে যেতে পারে। এমনকি জাহাজের উল্টে যাওয়ারও আশঙ্কা আছে। তাঁরা বলেন, ডুবোচর খননের পাশাপাশি বয়া স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লেখালেখি হলেও কাজ হচ্ছে না। সন্ধ্যার পর নৌচলাচলের জন্য বদরমোকাম ও নাফ নদীতে অন্তত সাতটি লাইটসহ বয়া স্থাপন জরুরি।
কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি গ্রিনলাইন, এলসিটি কুতুবদিয়া, এমভি বাঙ্গালী ও এলসিটি কাজলসহ সাতটি জাহাজ টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচল করে।
এলসিটি কুতুবদিয়া জাহাজের পরিচালক মো. আজিজ বলেন, গত জানুয়ারিতে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগরের বদরমোকাম চ্যানেলের ডুবোচরে জাহাজটি তিনবার আটকা পড়েছিল। ওই সময় যাত্রীরা কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর জোয়ারের পানিতে জাহাজটি ভেসে উঠলে যাত্রীদের টেকনাফ পৌঁছে দেওয়া হয়।
এমভি গ্রিনলাইন জাহাজের পরিচালক সুলতান আহমদ বলেন, তাঁদের জাহাজে ডুবোচর শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা আছে। তাই তাঁদের জাহাজ ডুবোচরে আটকা পড়ে না। তিনি বলেন, কোনো জাহাজ উল্টে গেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা আছে।
সুলতান আহমদ বলেন, ৩০ বছরেও ডুবোচরগুলো খনন করা হয়নি। ডুবোচর চিহ্নিত করতে কোনো বয়াও স্থাপন করা হয়নি। সন্ধ্যার পর ডুবোচরের ওপর দিয়ে নৌযান চলাচল করে চরম ঝুঁকি নিয়ে।
এমভি বাঙ্গালী জাহাজের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ বলেন, নিরাপদ যাত্রী পারাপারের জন্য ডুবোচরগুলো খনন ও নাফ নদীতে পুঁতে রাখা নিষিদ্ধ বেহেন্দি জালগুলো উচ্ছেদ করা জরুরি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নাফ নদীর নেটংপাড়া, জালিয়াপাড়া, নয়াপাড়া, নাজিরপাড়া, শাহপরীর দ্বীপ ও বদরমোকামসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক বেহেন্দি জাল পুঁতে রাখা হয়েছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী বলেন, প্রায় ৪৫ কিলোমিটার লম্বা নাফ নদীতে নিষিদ্ধ বেহেন্দি জাল আছে প্রায় তিন হাজার। গত জানুয়ারি মাসে অভিযান চালিয়ে ১৫০টির বেশি বেহেন্দি জাল উচ্ছেদ করা হয়। তিনি বলেন, সব জাল উচ্ছেদ করা জরুরি। কিন্তু লোকবলসংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, নৌপথের বদরমোকাম চ্যানেলে একাধিক ডুবোচর তৈরি হয়েছে। এসব ডুবোচরে প্রায় সময় জাহাজ আটকে যাচ্ছে। ডুবোচর খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লেখালেখি হয়েছে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজারের সহকারী পরিচালক নয়ন শীল বলেন, অর্ধযুগ পর সম্প্রতি বদরমোকাম চ্যানেলে একটি বয়া স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি বয়া স্থাপনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, নিরাপদ নৌচলাচলের জন্য ডুবোচরগুলো খননের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।