৭ তরুণের উদ্যোগে রোয়াংছড়ি কলেজ

রাঙামাটির রোয়াংছড়ি উপজেলায় আগে কোনো কলেজ ছিল না। আর্থিক সমস্যার কারণে অনেক শিক্ষার্থী জেলা শহরে বা অন্য কোথাও গিয়ে পড়াশোনা করতে পারত না। এতে মাধ্যমিকের পরে অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে যেত। এ পরিস্থিতিতে এগিয়ে আসেন সাত তরুণ। তাঁদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে রোয়াংছড়ি কলেজ।
শিক্ষিত সাত তরুণের এ উদ্যোগে উপজেলাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। লোকজন সামর্থ্য অনুযায়ী সহযোগিতায় এগিয়ে এসেছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনন্দ সেন তঞ্চঙ্গ্যা বলেন, কেউ বেতনের টাকা থেকে চাঁদা দিয়ে, কেউ গাছ বিক্রির টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবার আন্তরিক সহযোগিতা এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় শিক্ষানুরাগীদের প্রতিশ্রুতি পুঁজি করে কলেজের যাত্রা শুরু হয়েছে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের পশ্চিম পাশের একটি একতলা ভবনে কলেজটির কার্যক্রম শুরু হয়েছে। কলেজের প্রথম ব্যাচে ভর্তি হয়েছে ২১ জন শিক্ষার্থী।
কলেজ সূত্র জানায়, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা কলেজের জন্য ১০ শতক জমি দান করেছেন। জেলা পরিষদ পরিচালিত একতলা রোয়াংছড়ি ছাত্রাবাস ভবন ও জমি কলেজের নামে দান করা হয়েছে। জেলা পরিষদ কলেজের জন্য আরও ২০ শতক জমি কিনে দেবে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা বলেন, কলেজটি আপাতত বর্তমান ছাত্রাবাস ভবনে পরিচালিত হবে। এক ব্যক্তি বেক্ষ্যং মৌজায় তিন একর জমি বিনা মূল্যে কলেজের নামে দিতে রাজি হয়েছেন। সেখানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কলেজ ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কলেজ ভবন নির্মাণ হলে ছাত্রাবাস ভবনে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হবে।
কলেজের শিক্ষার্থী নুথোয়াইচিং মারমা বলল, পাঠ্যবই, কাগজ-কলমও কলেজ পরিচালনা কমিটি থেকে দেওয়া হচ্ছে। শিক্ষকদের আন্তরিকতায় পড়াশোনা ভালো হচ্ছে।
কলেজের তরুণ শিক্ষক উচনু মারমা বলেন, আপাতত কলেজ পরিচালনার জন্য স্থায়ী আয়ের উৎস ছাড়া কোনো সমস্যা নেই। যখন যেটা প্রয়োজন, কেউ না কেউ তা দিচ্ছেন।
রোয়াংছড়ি সদর ইউপির বর্তমান চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, শিক্ষিত তরুণদের কলেজ চালানোর উদ্যোগকে মানুষ স্বাগত জানিয়েছে।
কলেজ সূত্র জানায়, কলেজের পাঠদানের অনুমতির বিষয়টি শিক্ষা বোর্ডে প্রক্রিয়াধীন। তিন একর জমি কলেজের নামে হলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পরিদর্শনে আসার আশ্বাস দিয়েছে। অনুমতি না পাওয়া পর্যন্ত আপাতত অন্য কলেজের নামে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেন, রোয়াংছড়ি উপজেলায় প্রথমে কলেজ হয়েছে। এ জন্য উপজেলার সর্বস্তরের মানুষ সহায়তায় এগিয়ে এসেছেন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন বলেন, এ মহৎ কাজে সহযোগিতার জন্য উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা বেতন থেকে প্রতি মাসে অনুদান দিতে সম্মত হয়েছেন।