৭ থেকে ২০ অক্টোবর ঢাকায় আটটি সমাবেশ করবে ১৮ দলীয় জোট
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঢাকা মহানগরের আটটি স্থানে সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১০ অক্টোবর ঢাকা মহানগর ও সারা দেশের সব থানায় বিক্ষোভ সমাবেশ। ১৭ অক্টোবর ঢাকাসহ প্রতিটি মহানগরে গণমিছিল। এ ছাড়া সাভার, রূপগঞ্জ ও টঙ্গীতে একটি করে ও কেরানীগঞ্জে দুটি বিক্ষোভ সমাবেশ হবে।সংবাদ সম্মেলনে রিজভী জানান, ঈদুল আজহার পর নির্দলীয় সরকারের দাবিতে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নেতা তাসনীম আলম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, এলডিপির রেদওয়ান আহমেদ, ন্যাপের জেবেল রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান প্রমুখ।বরিশালের সমাবেশ স্থগিত: আগামী ৯ অক্টোবর বরিশালে ১৮ দলীয় জোটের সমাবেশ কর্মসূচি অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান সরোয়ার সমাবেশ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।