৭ দিন সময় পেলেন জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে দেওয়া রুলের জবাব দিতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে এক সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত থাকার পরেও জনকণ্ঠ পত্রিকার পক্ষে অ্যাডভোকেট-অন-রেকর্ড হওয়ায় আইনজীবী এম সোয়েব খানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সোয়েব খানের অ্যাডভোকেট-অন-রেকর্ডের সনদ কেন বাতিল করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে আদালতকে জানাতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে জনকণ্ঠর পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন এবং এম সোয়েব খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিচার বিভাগ নিয়ে ‘কুৎসা রটনামূলক’ উপসম্পাদকীয় প্রকাশের অভিযোগে গত ২৯ জুলাই জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন আপিল বিভাগ। পাশাপাশি গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত। সেই নির্দেশনা অনুসারে গতকাল সকালে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নির্বাহী সম্পাদক আদালতে হাজির হন। তাঁদের আইনজীবীরা শুনানি তিন মাস মুলতবির আরজি জানিয়ে বলেন, রুলের জবাব প্রস্তুত করার জন্য এ সময় প্রয়োজন।
তবে আদালত সময়ের আবেদন নাকচ করে দিয়ে শুনানি এক সপ্তাহ মুলতবি করেন। আদালত বলেন, আগামী রোববারের (৯ আগস্ট) মধ্যে জবাব দাখিল করতে হবে। ওই দিন আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়কে আদালতে হাজির থাকতে হবে। এ সময় তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চান আইনজীবীরা। তবে আদালত তা নাকচ করে দেন।
গতকাল শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়ের অ্যাডভোকেট-অন-রেকর্ড এম সোয়েব খান। অথচ তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন। তাই তিনি এ মামলা করতে পারেন না।
এ প্রসঙ্গে সোয়েব খান পরে সাংবাদিকদের বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলেছি, আদালত সরকারের কোনো অংশ নন। যেখানে সরকার নেই, সেখানে আমার মামলা করতে কোনো বাধা নেই। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে বললেন, আপনি সাত দিনের মধ্যে আপনার পাওয়ার উইথড্র করে নেন এবং অন্য কোনো অ্যাডভোকেট-অন-রেকর্ডকে পাওয়ার দেন। আমি বললাম, আমি আমার পাওয়ার উইথড্র করব না। তখন তিনি (প্রধান বিচারপতি) আমার বিরুদ্ধে একটি কারণ দর্শানো নোটিশ দিলেন যে কেন আমার অ্যাডভোকেট-অন-রেকর্ডের লাইসেন্স বাতিল করা হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে অবহিত করার জন্য।’
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
২৯ জুলাই আদেশের পর মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘১৬ জুলাই বিচার বিভাগ নিয়ে জনকণ্ঠ পত্রিকায় একটি কলাম প্রকাশিত হয়েছে। এতে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এ ধরনের অতি উৎসাহী লেখা বিচারক ও বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। জনমনে হতাশা সৃষ্টি হয়। এ জন্য আতিকউল্লাহ খান মাসুদ ও স্বদেশ রায়ের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল দিয়েছেন। একই সঙ্গে ৩ আগস্ট তাঁদের আদালতে তলব করা হয়েছে।’
১৬ জুলাই জনকণ্ঠ পত্রিকার ষষ্ঠ পৃষ্ঠায় ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে উপসম্পাদকীয় প্রকাশিত হয়। ওই উপসম্পাদকীয়টির লেখক স্বদেশ রায়।