৭ দিন সময় পেলেন ট্যানারি মালিকেরা
হাজারীবাগে আরও সাত দিন কাঁচা চামড়া নেওয়ার সুযোগ পেলেন ট্যানারি মালিকেরা। গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হজরত আলী বলেছেন, প্রয়োজন হলে ট্যানারিগুলোকে সাত দিন সময় দেওয়ার সুপারিশ করবেন তাঁরা।
এরপরই রাতে চামড়া শিল্পনগরীর প্রকল্পের পরিচালক আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘ট্যানারিগুলোতে প্রস্তুতি নিতে ১০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা চামড়া হাজারীবাগে নিতে পারবে। তবে আগামী ১১ এপ্রিল থেকে আবার সরকার আগের অবস্থানে চলে যাবে।’
সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি চালু করতে ৩১ মার্চ পর্যন্ত মালিকদের সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপর ১ এপ্রিল থেকে পুলিশি প্রহরা বসিয়ে হাজারীবাগে চামড়া ঢোকা বন্ধ করা হয়। গত দুই দিন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সময় না বাড়ানোর বিষয়ে নিজের অনড় অবস্থান ব্যক্ত করে আসছিলেন। তবে গতকাল তাঁর নির্দেশনাতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।