৭ দিনের মধ্যে দুদকের প্রতিবেদন জমা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অনুসন্ধান প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে জমা দিতে বলেছেন হাইকোর্ট। এ ছাড়া ঋণ কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অনুসন্ধান প্রতিবেদন আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশিদ আলম প্রথম আলোকে বলেন, ঋণ জালিয়াতি নিয়ে দুদকের অনুসন্ধান প্রতিবেদন ৭ দিনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ নিয়ে করা সমস্ত অনুসন্ধান প্রতিবেদনও চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে শেখ আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান থাকাকালীন ব্যাংকের পরিচালনা পর্ষদের ঋণ অনুমোদন সংক্রান্ত বিষয়ের নথিপত্র আদালতে জমা দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জেড আই খান পান্না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। আদালতের নির্দেশে শুনানিতে অংশ নেন দুদকের আরেক আইনজীবী খুরশিদ আলম খান।

গত বছরের ১৭ নভেম্বর বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও পরিচালনা পর্ষদের সদস্যদের মামলায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

নোয়াখালীর জনৈক হারুনর রশিদ এ রিট দায়ের করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় চার বছর তিন মাসে ব্যাংকটি ছয় হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে। ব্যাংকটির গুলশান, শান্তিনগর ও দিলকুশা শাখার মাধ্যমে গুরুতর ঋণ অনিয়ম সরেজমিনে উদ্ঘাটন করে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল।

আর্থিক কেলেঙ্কারি, নিয়োগ, পদোন্নতিতে দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় এবং বেসিক ব্যাংকের নানা প্রতিবেদনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার চিত্র উঠে আসে। অথচ বেসিক ব্যাংকের পর্ষদ ও এর চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে এবং পরিচালনা পর্ষদকে বাদ দিয়েই সেপ্টেম্বর মাসে ৫৬টি মামলা করে দুদক।