৭ দিনের রিমান্ডে র্যাব সদস্য রুহুল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় পটুয়াখালী থেকে গ্রেপ্তার হওয়া র্যা ব সদস্য রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার ভোরে পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বরের গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল আদালতকে জানান, রুহুল আমিনের দায়িত্ব ছিল অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার সাত ব্যক্তিকে অচেতন করা এবং মুখমণ্ডলে পলিথিন পেঁচিয়ে তাঁদের মৃত্যু নিশ্চিত করা। এ জন্য তাঁকে মামলার গুরুত্বপূর্ণ আসামি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেনাবাহিনীর ল্যান্স করপোরাল রুহুল আমিন প্রেষণে র্যা ব-১১-তে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, সাত খুনের ঘটনায় জড়িত যে ১৫ জনের তালিকা পুলিশ তৈরি করেছে, তাঁদের অন্যতম রুহুল আমিন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। গ্রামের বাড়িতে তাঁর অবস্থানের খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের ফতুল্লা থানায় দায়ের করা মামলায় রুহুল আমিনকে গতকাল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ।