৭ নভেম্বর ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ দিবস উপলক্ষে কর্নেল তাহের সংসদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাহেরের নেতৃত্বে যদি অভ্যুত্থান না হতো, তাহলে এই বাংলাদেশ ইন্দোনেশিয়ার মতো রক্তাক্ত হতো। কিন্তু অভ্যুত্থানের নায়ক তাহেরকেই প্রতিবিপ্লবীরা হত্যা করে।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে এ আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তাহের সংসদের সভাপতি ও সিপিবির নেতা হায়দার আকবর খান রনো। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবের আউটকাম খুবই খারাপ হয়েছে। বিপ্লবের নায়ক ফাঁসিতে মারা গেলেন, এটা শ্রেষ্ঠ ট্র্যাজেডি। তাহলে ৭ নভেম্বরের বিপ্লবে দেশ এগোল, না পেছাল?’ তিনি বলেন, আজকের জাসদ আর তখনকার জাসদ এক নয়। তখন জাসদের প্রধান স্লোগান ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এখন জাসদ হয়তো ধর্মনিরপেক্ষ কর্তৃত্ববাদী পুঁজিবাদের পক্ষ নিয়েছে।
এম এম আকাশ আরও বলেন, ‘তখন আওয়ামী লীগ ছিল জাসদের শত্রু, এখন মিত্র। তাতে একটা প্রশ্ন জাগে, কর্নেল তাহেরের আদর্শ অনুসরণ করব, না জাসদ করব। দুটো একসঙ্গে চলতে পারে কি না, এর তিক্ত আত্মসমালোচনা দরকার।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ জাসদকে ব্যবহার করছে, না জাসদ আওয়ামী লীগকে ব্যবহার করছে, এটি এখন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রশ্ন।’
হাসানুল হক ইনু বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে জাসদের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা আন্দোলন করেছি বলেই কি বঙ্গবন্ধু মারা গেছেন? বামপন্থীরা, সিপিবি িক আন্দোলন করেনি? নিয়মতান্ত্রিক আন্দোলন করা িক পাপ?’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান একজন মীরজাফর। বঙ্গবন্ধু এই মীরজাফরকে চিনতে পারেননি। আমরাও চিনতে পারিনি। বঙ্গবন্ধু প্রাণ দিয়ে কাফফারা দিয়েছেন। আমরা জিয়ার সঙ্গে কোনো আঁতাত করিনি।’
৭ নভেম্বরের বিপ্লবে দেশ এগোল, না পেছাল—এ প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, ‘হ্যাঁ, আমরা ব্যর্থ হয়েছি। কিছুক্ষণ ক্ষমতায় ছিলাম। এর মানে এই নয় যে দেশকে পিছিয়ে দিয়েছিলাম।’
মেজর জেনারেল খালেদ মোশাররফকে ‘জঘন্য আঁতাতকারী’ বলে মন্তব্য করেন ইনু। তিনি বলেন, ‘খালেদ মোশাররফই বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেন। তাই যাঁরা খালেদ মোশাররফকে মহিমান্বিত করার চেষ্টা করছেন, তঁাদের সতর্ক হতে বলব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, এ কে খন্দকার একটি বই লিখেছেন, বইটি নানা বিতর্কের জন্ম দিয়েছে। সমস্যা শুধু এ কে খন্দকার নয়, মুক্তিযুদ্ধের সময় যেসব সেনা কর্মকর্তা স্বেচ্ছায় বা অবস্থার চাপে পড়ে যুদ্ধে যোগ দিয়েছেন, তাঁদের একটা অবস্থান আছে। তিনি বলেন, সেনানায়কেরা যখন বই লিখেন, তখন তাঁরা ৭ নভেম্বর, একাত্তরকে হঠাৎ করে আসা ঘটনা মনে করেন।