৭ নভেম্বর পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল বাদ দিয়ে নির্বাচনের ট্রেনে ওঠার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
৭ নভেম্বর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ৭ নভেম্বরের মহানায়ক কর্নেল তাহের আর জিয়া খলনায়ক। জিয়া মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করেছেন। রাজাকারদের তিনি দেশে এনেছেন।
সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান, সহসভাপতি মীর হোসাইন আখতার প্রমুখ।
৭ নভেম্বর উপলক্ষে পৃথক একটি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
হত্যাকাণ্ড দিবস: ৭ নভেম্বর কে ফোর্সের অধিনায়ক ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বেলা সাড়ে তিনটায় মুক্তিযুদ্ধ জাদুঘরে স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এস ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এবং সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে জাফর ইমাম, নজরুল ইসলাম ও শামসুল আরেফিন।
স্বাগত বক্তব্যে খালেদ মোশাররফের জ্যেষ্ঠ কন্যা মাহজাবীন খালেদ মোশাররফ ৩৮ বছরেও ওই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।