সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা
৭ নভেম্বরের আগে-পরে যাঁদের হত্যা করা হয়, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা
১৯৭৫ সালের ৭ নভেম্বরের আগে ও পরে যাঁদের হত্যা করা হয়েছে, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা। এর আগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে একই উদ্দেশ্যে। যাঁরা বাংলাদেশকে একটি স্বপ্নের জায়গায় নিতে পারতেন, তাঁদের সরিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য।শহীদ জাতীয় নেতাদের স্মরণে গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম এই আলোচনার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের সবাই মুক্তিযোদ্ধা। একটি বিরাট ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁদের হত্যা করা হয়েছিল। কেউ যদি মনে করে, এই ষড়যন্ত্র এখনো থেমে নেই, তাহলে তিনি ভুল করবেন।সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের এস ফোর্সের প্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের হত্যার পাশাপাশি জিয়াউর রহমান হত্যারও তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর মৃত্যুর পর অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অথচ জিয়াকে যেদিন চট্টগ্রামে হত্যা করা হয়, তখন তাঁরা সেই জেলাতেই ছিলেন না।মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁর বাড়িতে সেনাবাহিনীর জওয়ানদের হামলার ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ‘ওই দিন জওয়ানদের বলা হয়েছিল, সব অফিসারদের হত্যা করো। থাকবে শুধু জিয়া আর তাহের। এ কারণে জওয়ানেরা অফিসারদের হত্যা শুরু করে। অনেক অফিসার সেদিন বোরকা পরে পালিয়ে গিয়েছিলেন।’জাতীয় চার নেতার হত্যার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর অসমাপ্ত কাজটি করা হয়েছে ৩ নভেম্বর। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করাই ছিল এর উদ্দেশ্য। এই ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমরা প্রতিদিনই তা দেখতে পাচ্ছি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক বলেন, ৭ নভেম্বর ছিল একটি বিশৃঙ্খলা, প্রতিক্রিয়াশীলতা। যাঁরা একে বিপ্লব বলেন, তাঁরা মুক্তিযুদ্ধকেই বিশ্বাস করেন না।ফোরামের মহাসচিব সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ বলেন, ৩ ও ৭ নভেম্বরের হত্যাকাণ্ডের তদন্তে একটি কমিটি গঠনের করার দাবি করেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। তাঁরা যদি কোনো ফাঁক গলে বেঁচে যায়, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের কথা উল্লেখ করে কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান বলেন, ‘আমরা যে সাপের লেজে পা দিয়েছি, তার মাথাটা ভাঙা দরকার। নইলে সে সাপ উল্টে আমাদের ছোবল দেবে।’