৭ ফেব্রুয়ারি ইশারা ভাষা দিবস পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রবণপ্রতিবন্ধীদের একমাত্র ভাষা হচ্ছে ইশারা ভাষা। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি দেশে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালনের সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন শ্রবণপ্রতিবন্ধী নাগরিকেরা।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএলইউ) নামের একটি সংগঠনের আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে তাঁরা এ দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালের ৩১ অক্টোবর এসডিএসএলইউ আয়োজিত এক সভায় বাংলা ইশারা ভাষা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়। গত ৪ মে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তসংবলিত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।সমাবেশে এসডিএসএলইউর সভাপতি এম ওসমান খালেদ দোভাষীর সহায়তায় বলেন, ‘এই ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সর্বস্তরে দোভাষী সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শ্রবণপ্রতিবন্ধী মানুষের যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। আমরা আশা করি, বাংলা ইশারা ভাষা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক এম আই চৌধুরী, জাতীয় মহিলা বধির কল্যাণ সংস্থার সভাপতি শিরিন বেগম, অ্যাকশনএইড বাংলাদেশের প্রতিনিধি খায়রুল ইসলাম, ঢাকা বধির সংঘের সভাপতি মিজানুর রহমান, জাতীয় বধির সংস্থার প্রতিনিধি নাজনীন আক্তার প্রমুখ বক্তব্য দেন।এম আই চৌধুরী বলেন, ইশারা ভাষা দিবস পালনের দাবি পূরণ শ্রবণপ্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে।