৭ বছর আগের সুপারিশ মানলে গ্রিড বিপর্যয় এড়ানো যেত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গ্রিডে বিপর্যয়
জাতীয় গ্রিডে বিপর্যয়

সাত বছর আগে বিদ্যুৎ বিষয়ে বিশেষজ্ঞরা জাতীয় গ্রিডকে দুর্বল হিসেবে চিহ্নিত করে তাকে শক্তিশালী করা এবং প্রয়োজনে যেকোনো অংশকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা নিতে যে সুপারিশ করেছিলেন তা পুরোপুরি বাস্তবায়িত হলে শনিবারের মতো বিপর্যয় এড়ানো সম্ভব হতো। এমনটিই মত বিদ্যুৎ খাত বিষয়ে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ প্রকৌশলীদের। তবে বিদ্যুৎ মন্ত্রণালয় এখন গ্রিডের অবস্থা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে।
২০০৭ সালে সংঘটিত একই ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ মত দিয়েছিল যে দেশের জাতীয় গ্রিড দুর্বল। তখন জাতীয় গ্রিড শক্তিশালী করাসহ গ্রিডের নিরাপত্তা বিশ্লেষণ এবং গ্রিড বিপর্যয় হলে তা পুনরুদ্ধারে করণীয় সম্পর্কে তারা বেশ কিছু সুপারিশ করেছিল।
ওই সুপারিশমালা প্রণয়নের সঙ্গে জড়িত একাধিক অধ্যাপক ও প্রকৌশলী গতকাল প্রথম আলোকে বলেছেন, গত ছয়-সাত বছরে বিদ্যুতের উৎপাদন, লোড ও সংযোগ—সবই বেড়েছে। কিন্তু জাতীয় গ্রিড তাল মিলিয়ে শক্তিশালী হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল প্রথম আলোকে বলেন, জাতীয় গ্রিডের অবস্থা পর্যালোচনা করে দেখতে শিগগিরই পরামর্শক নিয়োগ করা হবে।
সূত্রমতে, গতকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন দিকনির্দেশনা নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী বিদ্যুৎ উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের দুই সচিবকে ডেকে গতকাল কথা বলেছেন। প্রধানমন্ত্রী গতকাল রোববার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের পর তাঁদের ডেকে পাঠান।
সূত্রমতে, প্রধানমন্ত্রী দুই দিনের মধ্যে এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করার নির্দেশ দেন। এ সময় জাতীয় গ্রিডের অবস্থা খতিয়ে দেখার প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
২০০৭ সালের নভেম্বর ও ডিসেম্বরে গ্রিড বিপর্যয়ে দেশ অন্ধকার হওয়ার পর বুয়েটের ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকেরা বিদ্যমান গ্রিডকে দুর্বল বলে আখ্যা দিয়েছিলেন। তখন সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির অনুরোধে বুয়েট ওই মত দিয়েছিল।
ওই প্রতিবেদন জমা হওয়ার বছর খানেক পর জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গ্রিড সিস্টেমকে অটোমেটিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিপর্যয় থেকে রক্ষার কোনো উপায় আছে কি না, তা জানতে চায় বুয়েটের ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের কাছে। ওই বিভাগের পক্ষ থেকে তখন মত দেওয়া হয়, গ্রিড দেশজুড়ে বিস্তৃত থাকলেও এটাকে বিচ্ছিন্ন করে কয়েকটি এলাকা রক্ষা করা সম্ভব। এটাকে বলা হয় আইল্যান্ডিং, যার অর্থ গ্রিডকে খণ্ডিত করে কয়েকটি দ্বীপের মতো করে রক্ষা করা। এর ফলে সিলেটে জাতীয় গ্রিডে বিপর্যয় হলে ঢাকা ক্ষতিগ্রস্ত হবে না। সে ক্ষেত্রে জাতীয় গ্রিডকে ছয়টি ভাগে ভাগ করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছিল।
ওই প্রতিবেদনের সঙ্গে জড়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা পিজিসিবি-কে জানিয়েছিলাম, সিস্টেমকে অটোমেটিক লোডশেডিংয়ের মাধ্যমে দেশকে বিদ্যুৎ বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত এবং অবকাঠামাগোত বিনিয়োগ ছাড়া এ কাজ করা সম্ভব নয়। পিজিসিবি এর পর আর কিছুই জানায়নি।’
গত শনিবার বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন), বিদেশি মিশনসহ জাতীয় গুরুত্বপূর্ণ সব স্থাপনাও (কেপিআই) বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ার পর বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে।
জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল-বিরুনী প্রথম আলোকে বলেন, বর্তমান তদন্ত কমিটি বুয়েটের ওই প্রতিবেদন দুটিও দেখবে। তবে জাতীয় গ্রিডের অবস্থা বেশ ভালো দাবি করে তিনি বলেন, এর রক্ষণাবেক্ষণ হয়। ঘটনাটি স্রেফ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, এখানে কারও গাফিলতি নেই।
গোটা দেশকে অন্ধকার করে দিতে পারে—এমন ত্রুটি থাকা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, তদন্তে বিষয়টি বেরিয়ে এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার দেশ অন্ধকারে ডুবে যাওয়ার পর বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন। গতকাল ওই মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের মুখে শোনা যায়, কারও রক্তচাপ, কারও রক্তে শর্করার মাত্রা বেড়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর চোখেমুখে ছিল ক্লান্তি। মন্ত্রণালয়জুড়ে ছিল ব্যস্ততা।
প্রতিমন্ত্রী জানান, ‘এক রাতে এর সমাধান করতে পারায় স্বস্তি লাগছে। অস্বস্তি লাগছে এটা ভেবে যে তিন দিন লাগলে কী হতো?’
বিদ্যমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে চাইলে বুয়েটের একাধিক অধ্যাপক এই মুহূর্তে তিনটি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। এগুলো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কীভাবে, কতটুকু হবে তা নিয়ে সামগ্রিক সমীক্ষা (কমপ্রিহেনসিভ স্ট্যাডি) করা, সামঞ্জস্যপূর্ণভাবে গ্রিড সাজানো এবং গ্রিডের নিরাপত্তা বিশ্লেষণ করা, যাতে কোনো ঘটনা ঘটলে গ্রিড কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং তা থেকে গ্রিডকে রক্ষার উপায় বের করা। বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় নিরাপত্তা বিশ্লেষণ বলতে বিশেষজ্ঞরা সামগ্রিক ব্যবস্থা কতটা টেকসই এবং বিদ্যুৎ প্রবাহের অস্থিরতা কতটা মানিয়ে নিতে সক্ষম তাকেই বোঝানো। বাইরের হুমকি বা হামলাকে বোঝানো না।
২০০৭ সালের পর গঠিত তদন্ত কমিটির সদস্য ও বুয়েটের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘আমরা প্রতিবেদন দিয়েছিলাম। এর পর কী হয়েছে তা জানা নেই।’ প্রায় একই রকম মন্তব্য করে ওই কমিটির সদস্য অধ্যাপক এস শাহনেওয়াজ আহমেদ বলেন, ওটা বেশ আগের প্রতিবেদন। এখন যে দুটি তদন্ত কমিটি করা হয়েছে, তাদের প্রতিবেদনে বিপর্যয়ের কারণ ও করণীয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা যায়।
অভিজ্ঞ প্রকৌশলী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বলেন, গ্রিড বন্ধ হয়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটার অনেক কারণ আছে। অতি পুরোনো ও জরাজীর্ণ সঞ্চালন লাইনে (গ্রিড) যদি তার ধারণক্ষমতার অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চালন করা হয়, তাহলে গ্রিডের সার্কিট পুড়ে বিপর্যয় ঘটতে পারে। সঞ্চালন লাইনে ত্রুটি বা বিদ্যুৎ সঞ্চালনের ফ্রিকোয়েন্সিতে হেরফের হলেও গ্রিড বন্ধ হতে পারে। তবে সব ক্ষেত্রে ত্রুটি ধরে ফেলার কথা। এমনকি যেখানে ত্রুটি আসবে তার কাছাকাছি দুটি সার্কিট ব্রেকার বন্ধ হয়ে যাবে।
জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ আবদুল মঈদ প্রথম আলোকে বলেন, জাতীয় গ্রিড বন্ধ (ট্রিপ) হয়ে বিদ্যুৎ বিপর্যয় বিরল নয়। মাঝেমধ্যে গ্রিড বন্ধ হলেও যান্ত্রিকভাবে সমস্যা চিহ্নিত হয়। এর প্রোটেক্টিভ ডিভাইস সবার আগে কাজ করে।
আবদুল মঈদ বলেন, বিদ্যুতে যত উৎপাদন তত লোড থাকতে হবে। তাই লোড অনুযায়ী উৎপাদন করা হয়। উৎপাদন বন্ধ হলে লোড বন্ধ করে ভারসাম্য আনা হয়। স্বাভাবিক এই প্রক্রিয়ার ব্যত্যয় ঘটার কারণেই বিপর্যয় ঘটেছে কি না তা তদন্তের আগে বলা সম্ভব নয়।