প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক সাত মামলায় বিনা বিচারে কারাগারে থাকা সাত বন্দীকে ২৪ জানুয়ারি হাইকোর্টে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। তাঁদের মধ্যে দুজন ১১ বছর, দুজন ১২ বছর ও তিনজন ১৩ বছর ধরে কারাগারে আছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। রুলে তাঁদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইনজীবী সূত্র বলেছে, ৯ ডিসেম্বর একটি টেলিভিশন চ্যানেল এক যুগের বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকা সাতজনকে নিয়ে প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনের বিষয়টি গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যালএইডের প্যানেল আইনজীবী বেহেশতী মারজান।