৭ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন চূড়ান্ত
৭১টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই শর্তপূরণনা করে চলছে। কিন্তু এগুলোর সমস্যা সমাধান না করে আরও সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাসচিব কামালআবদুলনাসের চৌধুরীজানান, গতকাল বৃহস্পতিবারই আদেশ চূড়ান্ত করা হয়েছে। রোববার এটি জারি করা হবে।
নতুনগুলোর মধ্যে ঢাকার ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হলেন প্রধানমন্ত্রীর আত্মীয়(সম্পর্কে চাচা হন) শেখ কবির হোসেন, জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুননেসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে অধ্যাপক সহিদুর রহমান খানের নাম থাকলেও এর সঙ্গে আছেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ মির্জা আজম। রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী সাবেক উপাচার্য আবদুল খালেকের স্ত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা হিসেবে নাম আছে সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান ও মোহাম্মদ মহসিনের।
নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা (আবেদনকারী) হিসেবে অধ্যাপক আবদুল আজিজের নাম থাকলেও এর পেছনে আছেন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ সরকার-সমর্থক কয়েকজন ব্যক্তি। নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা ইউনিভার্সিটির উদ্যোক্তা টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী ট্রাস্টের রাজীব প্রসাদ সাহা। প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার নাতি হলেন রাজীব প্রসাদ সাহা। ঝালকাঠির গ্লোবাল ইউনিভার্সিটির উদ্যোক্তা একজন প্রতিমন্ত্রীর স্ত্রী সৈয়দা আরজুমান বানু। রাজশাহীতে পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্থাপন করলেও গ্লোবাল ইউনিভার্সিটিকে ঝালকাঠিতে স্থাপন করতে বলা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকসহ এর উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতা ও যেসব এলাকায় চাহিদা আছে তা বিবেচনা করেই আমরা নতুন বিশ্ববিদ্যালয় দিয়েছি ও দিচ্ছি।’