রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী চিহ্ন মেলা। ‘চিহ্ন মেলা বিশ্ববাংলা-২০১৬’ শিরোনামে আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের ১১০টি ছোট কাগজের স্টল থাকবে। উপস্থিত থাকবেন তিন শতাধিক লেখক ও সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা চিহ্ন এ মেলার আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চিহ্ন-এর নির্বাহী রহমান রাজু জানান, ৭ মার্চ সকাল ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলা উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও অধ্যাপক সনৎকুমার সাহা উপস্থিত থকবেন। বেলা ১১টায় ‘বাঙালির চোখে শ্রেষ্ঠ বাঙালি’ শীর্ষক আড্ডা, বেলা তিনটায় স্বননের ৭ মার্চের কবিতা আবৃত্তি, বিকেল চারটায় লেখক-পাঠক-সম্পাদকদের শিরোনামহীন আড্ডা, সাড়ে পাঁচটায় কবিকণ্ঠে কবিতা পাঠ-১ এবং সন্ধ্যা সাড়ে সাতটায় গান ও আড্ডা অনুষ্ঠিত হবে।
মেলায় দুজন সাহিত্যিককে চিহ্ন পুরস্কার ও ছোট কাগজ সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের সাতটি ছোট কাগজকে ‘চিহ্ন ছোট কাগজ’ সম্মাননা দেওয়া হবে।
দ্বিতীয় দিনে সকাল সাড়ে নয়টায় ‘কথা প্রসঙ্গে: লেখক-সম্পাদকদের অভিব্যক্তি’, দুপুর সাড়ে ১২টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-২, বেলা তিনটায় কবিতা পাঠ-২, বিকেল চারটায় কবিকণ্ঠে কবিতা পাঠ-৩, সন্ধ্যা সাড়ে ছয়টায় চিহ্ন পুরস্কার ও ছোট কাগজ সম্মাননা দেওয়া হবে।