৭ মার্চ সম্পর্কে কতটা জানে মানুষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার বেলা তিনটার দিকে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে। এতে দলে দলে যোগ দিয়েছেন মানুষ। কিন্তু ঐতিহাসিক ৭ মার্চ সম্পর্কে তাঁরা কতটুকু জানেন? কেনই বা এসেছেন সমাবেশে? দলীয় সমাবেশের টানে, না দিবসটির মর্ম জেনে শ্রদ্ধা জানাতে এসেছেন তাঁরা?

এসব প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম সমাবেশে উপস্থিত মানুষের কাছে। তাঁদের অনেকে দিনটি সম্পর্কে জানেন। অনেকে আবার না জেনেই এসেছেন। কেউ এসেছেন প্রধানমন্ত্রীকে দেখতে। কেউবা এসেছেন দলের নির্দেশে।

আশুলিয়া থানা ছাত্রলীগের কর্মী সিয়াম আহমেদ বলেন, ‘৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়া হয়েছিল। এর পরই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। আমি এটুকুই জানি।’

আওয়ামী লীগ-সমর্থক কামালউদ্দিন বলেন, ‘৭ মার্চ এখানেই বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। এরপরই শুরু হয় যুদ্ধ।’

কেন আজ সমাবেশ হচ্ছে তা জানেন না  যুবলীগের কর্মী শরিফুল ইসলাম। তাহলে কেন এলেন? জানতে চাইলে তিনি  বললেন,  ‘ভাইয়ে কইছে সমাবেশে আইতে। এজন্য আইছি। কী জন্য সমাবেশ হইব, সেটা জানি না।’ ৭ মার্চের ভাষণ শুনেছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি  বলেন, ‘ক্যাসেটে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি।’

রাজমিস্ত্রি ও আওয়ামী লীগের সমর্থক মকবুল হোসেনের জবাব সোজাসাপ্টা। তিনি  বলেন, ‘বঙ্গবন্ধু এই ভাষণ না দিলে আমাগো পাকিস্তানিদের উষ্টা খাওন লাগত।’ আজ তিনি সমাবেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে।

মুদির দোকানদার  কবির হোসেনের সরল স্বীকারোক্তি, তিনি  ৭ মার্চ সম্পর্কে বিশেষ কিছু জানেন না।  ৭ মার্চ কী হয়েছিল? জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে আওয়ামী লীগের সমাবেশ। এ কারণে আইছি। ৭ মার্চের ভাষণ শুনছি। তবে এই বিষয়ে আমি ভালো জানি না।’

ছাত্রলীগের কর্মী লিলি আক্তার ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে অনেকটাই আবেগে আপ্লুত। তিনি বললেন, ‘আমরা ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর ভাষণ শুনে আসছি। এই ভাষণ দেওয়ার পরেই দেশে স্বাধীনতার আন্দোলন শুরু হয়।’

পেছন ফিরে দেখা

১৯৭১ সালের এই দিনে বেলা তিনটা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন রেসকোর্স ময়দানে উপস্থিত হন। লাখো মানুষের উপস্থিতিতে ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। স্লোগান ছিল পুরো ময়দানজুড়ে ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’। উপস্থিত জনতাকে বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে’। ১৯ মিনিটের সেই ভাষণ মুক্তিযুদ্ধে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছিল। আজও অনেকের কাছে তা অনুপ্রেরণার উত্স হয়ে আছে।

তত্কালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সেই অপেক্ষার অবসান ঘটায়। স্বাধীনতার যে ডাক তিনি দিয়েছিলেন, তা বিদ্যুত্ বেগে সারা দেশে ছড়িয়ে পড়ে।