৭ মার্চের চেতনা শেষ হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন। ওই দিন বঙ্গবন্ধু জাতির ইতিহাস গঠনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তার চেতনা কখনো শেষ হবে না। গতকাল রোববার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় নবজাগরণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রতি তরুণ সমাজে গণজাগরণ হয়েছে। এই চেতনা জাগরুক রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জরিনা রহমান খান আলোচনায় অংশ নেন এবং মেমোরিয়াল ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমান স্বাগত বক্তব্য দেন।শেখ হাসিনা বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে স্বাধীনতাবিরোধী শক্তি আমাদের স্বাধীনতাকে বারবার বাধাগ্রস্ত করায় জাতি হিসেবে আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে এবং দেশের উন্নতি করতে পারিনি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৪২ বছর পরও জনগণের মনে বঙ্গবন্ধুর ভাষণের কথা এখনো স্মরণ করিয়ে দিতে হচ্ছে।প্রধানমন্ত্রীর সঙ্গে হাব নেতাদের সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল রোববার তাঁর কার্যালয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নবনির্বাচিত কর্মকর্তাদের এক প্রতিনিধিদল দেখা করেছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার হজযাত্রীদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছে।প্রতিনিধিদের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। সাক্ষাৎকালে হাবের প্রেসিডেন্ট ইব্রাহিম বাহার ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ুংগ গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, এ সময় দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে।