৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে প্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠানে ভাষণ দেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠানে ভাষণ দেন l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চের ভাষণকে বাঙালির রাজনৈতিক সংস্কৃতির এক অনন্য দলিল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এ ভাষণের আবেদন কোনো দিন শেষ হবে না। এটা অক্ষয় হয়ে থাকবে; যুগ যুগ ধরে শোষিত-বঞ্চিত মানুষকে প্রেরণা ও শক্তি জোগাবে; মাথা উঁচু করে দাঁড়াতে সাহস দেবে।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে ‘কালোত্তীর্ণ ভাষণ প্রস্তুতি ও প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করে। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক আবুল মোমেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর ‘কালোত্তীর্ণ ভাষণ প্রস্তুতি ও প্রভাব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও অধ্যাপক মো. মসিউর রহমান। ট্রাস্টের প্রধান নির্বাহী মাশহুরা হোসেন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শিল্পী হাশেম খান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণা; এই ভাষণই আমাদের পথ দেখিয়ে গেছে। ভাষণের প্রতিটি শব্দ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৭ মার্চের ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, কিন্তু এই রাজনীতির পেছনে তাঁর মা-বাবা ও বিশেষ করে আমার মাকে আজীবন পাশে পেয়েছেন। এমন সৌভাগ্য কম মানুষেরই হয়।’
৭ মার্চ অনেক নেতাই বাড়িতে এসে ভাষণে বলার জন্য বঙ্গবন্ধুর হাতে কাগজ ধরিয়ে দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি ভাষণ বা সভার আগে মা বাবাকে একটু চিন্তা করার সময় দিতে ঘুমোবার সুযোগ করে দিতেন। সেদিনও তিনি বঙ্গবন্ধুকে ডেকে একটু বিশ্রাম নিয়ে নিতে বললেন। বেগম মুজিব বললেন, “অনেকে অনেক কথাই বলবে। এই মানুষদের জন্য তুমি সারা জীবন কষ্ট করেছ; তুমি জানো কী বলতে হবে। তোমার মানুষদের যে কথাটা বলতে ইচ্ছা করবে সেই কথাটাই তুমি বলবে।...কারও কথা শোনার দরকার নাই।”’
বঙ্গবন্ধুর জাতীয় পতাকার নকশা প্রণয়ন, জাতীয় সংগীত নির্বাচন, এমনকি বাংলাদেশ নামে এ ভূখণ্ডের নামকরণেরও অনেক অজানা ইতিহাস স্মৃতি রোমন্থনে তুলে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আশা করব আজকে যারা যুবসমাজ, ছাত্র, তরুণ, ভবিষ্যতে যারা কর্ণধার হবে, তারা এই ভাষণটাকে বারবার শুনবে, প্রেরণা পাবে, নিজেদেরই তৈরি করবে। ’