৭ মার্চের সভা সফল করতে ব্যাপক প্রস্তুতি আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন সাতই মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
ঢাকা ও এর পাশের জেলাগুলোর নেতাদের নিয়ে গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। একই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
ধানমন্ডি ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের উভয় বৈঠকেই নেতাদের সাতই মার্চের জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
খালেদাকে নাসিমের পরামর্শ: স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি মাথা ঠান্ডা করুন। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিন। প্রয়োজনে আমরা সংশোধন করব। সরকারকে অবৈধ বলে কোনো লাভ হবে না।’
দেশের মানুষ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিদেশিরাও ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দিয়েছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে বলেন, ‘আগাম নির্বাচনের জন্য বিশৃঙ্খলা করবেন না। নির্বাচন পাঁচ বছর পরেই হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, শাহে আলম মুরাদ প্রমুখ।
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা-ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহাগ কমিউনিটি সেন্টারে রমনা-শাহবাগ থানা, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে আমু বলেন, ‘...দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একাধিক প্রার্থী নির্বাচন করছে। তাই আমাদের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে।...সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। কিন্তু তারা (বিএনপি) আজ নতুন ফর্মুলা হাজির করেছে। নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করছে।’
চ্যালেঞ্জিং সময় পার করছি: ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতাদের যৌথসভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধীদের চক্রান্তের চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে। বৈঠকে উপস্থিত জেলা নেতাদের তিনি বলেন, ‘আন্তরিকভাবে কাজ করলে প্রচুর লোক সমাবেশ করা সম্ভব হবে।...এখনো বিপদের মেঘ কেটে যায়নি। তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।’
সন্ত্রাসী ভাষায় কথা বললে ব্যবস্থা: বিএনপি নেতাদের ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সন্ত্রাসীর ভাষায় কথা বললে ‘ভবিষ্যৎ ষড়যন্ত্রকারী’ হিসেবে বিচার করা হবে।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হানিফ এ হুঁশিয়ারি দেন। তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘উসকানিমূলক কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। যাঁরা পঁচাত্তরের মতো ষড়যন্ত্রের চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’