৭ মাসেও লাশের পরিচয় মেলেনি
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামে গমখেতে পাওয়া অজ্ঞাতনামা কিশোরের (১৬) লাশের পরিচয় সাত মাসেও মেলেনি। এ কারণে এর রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্র জানায়, গত ১৪ মার্চ খাজুরার ডাঙ্গাপাড়া এলাকায় আয়ুব আলীর গমখেত থেকে নীল রঙের গেঞ্জি পরা অজ্ঞাতপরিচয় ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে ওই কিশোরকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। কিন্তু লাশের পরিচয় নিশ্চিত না হওয়ায় খুনিদের শনাক্ত করা যাচ্ছে না।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশটি উদ্ধারের পর খাজুরাসহ আশপাশের গ্রামের লোকজনকে দেখানো হয়। কেউ তাকে চিনতে পারেনি। ফলে লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফন করানো হয়। লাশটির ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ সন্ধান দিতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন অনুসারে ওই কিশোরকে হত্যা করার প্রমাণ মিলেছে। তাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। লাশের পরিচয় জানা গেলে হত্যা রহস্যের জট খুলবে এবং অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।