৭ লাখ ৪৮ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ১০টি থানা নির্বাচন কার্যালয় ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জনগণের মাঝে ৭ লাখ ৪৮ হাজার ৪২২ জন নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে মিজানুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণ চলছে। দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় কার্ড বিতরণ করা হবে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় দেশে মোট ৩ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি গ্রামে ৬০টি দরিদ্র পরিবার নিয়ে সংগঠন গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৪০ জনই নারী। দরিদ্র মানুষ মাসে ২০০ টাকা সঞ্চয় করলে সরকার তাঁকে ২০০ টাকা বোনাস দিচ্ছে। এ ছাড়া গ্রাম সংগঠনকে বছরে অতিরিক্ত ১ লাখ ৫০ হাজার টাকা ঘূর্ণায়মান তহবিল দেওয়া হয়। এভাবে সরকার দুই বছরে প্রতিটি গ্রাম সংগঠনে মোট ৯ লাখ টাকার স্থায়ী তহবিল গড়ে দিচ্ছে।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০১৯ সালের মধ্যে সারা দেশের ২ লাখ ৮০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হবে।