৭ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট আদর্শ মডেল উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

অসুস্থ সাত শিক্ষার্থী হলো অষ্টম শ্রেণির তন্বী আক্তার, সেবা, লামিয়া খাতুন, ঐশী আক্তার ও মিমি; সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার ও নবম শ্রেণির ইপেলা। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বিদ্যালয়ে পাঠদান চলছিল। ক্লাস শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নিজেদের মধ্যে কথা বলাবলির একপর্যায়ে অষ্টম শ্রেণির লামিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এ সময় সহপাঠী সেবা ও তন্বী তাকে রিকশায় করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সহপাঠীকে এমন অবস্থায় দেখে সেবা ও তন্বী দুজনই অসুস্থ বোধ করলে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। এতে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এরপর অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী ঐশী ও মিমি, নবম শ্রেণির ইপেলা এবং সপ্তম শ্রেণির সুমাইয়া একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি মো. শাহজাহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হাসপাতালে ছুটে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরীফুল ইসলাম বলেন, বেলা দেড়টা পর্যন্ত সাত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি একধরনের মানসিক সংক্রমণ রোগ। তবে শিক্ষার্থীরা আশঙ্কামুক্ত বলে তিনি জানিয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম আনওয়ারুর রউফ বলেন, সাধারণত ঘনিষ্ঠ মেয়ে বান্ধবীদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দেখা যায়। একজন কাছের বান্ধবী এই রোগে আক্রান্ত হলে অন্যদের মধ্যেও ভীতি কাজ করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘গণমনস্তাত্ত্বিক রোগ’ বলা হয়ে থাকে। তবে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে বলে তিনি জানান।