৭ শিশু পেল তারায় তারায় দীপশিখা পুরস্কার
শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চাকে আরও উৎসাহিত করতে তারায় তারায় দীপশিখা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার পেল সাতজন সুবিধাবঞ্চিত শিশু।
ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরের মুক্ত মঞ্চে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচি এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।
পাঠ্যপুস্তকের পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে উদ্বুদ্ধ করতে ব্র্যাক প্রতিবছর সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’ আয়োজন করে। এই প্রতিযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, হরিজন, বেদে ও যৌনপল্লির শিশুদের অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয়।
চূড়ান্ত পর্বে বিচারকদের মূল্যায়নে নাচ, গান, আবৃত্তি ও ছবি আঁকা—এই চারটি বিষয়ে ছয় ক্যাটাগরিতে সাতজনকে প্রথম পুরস্কার দেওয়া হয়।
অঙ্কনে পুরস্কার পেয়েছে যশোরের ঐশী অধিকারী। গানে ক বিভাগে প্রথম হয়েছে সিলেটের শাহরিয়ার আহমেদ পান্না ও খ বিভাগে প্রথম রাজশাহীর রেজওয়ান হাসান। নাচে ক বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে রংপুরের মেধা রানী বর্মণ ও খ বিভাগে রংপুরের শিবসুন্দর বর্মণ। এ ছাড়া আবৃত্তিতে ক বিভাগে প্রথম হয়েছে কিশোরগঞ্জের তাসনিয়া ইসলাম ও খ বিভাগে প্রথম ঢাকার তানিয়া আক্তার।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ বক্তব্য দেন।