৭ সেপ্টেম্বরের মধ্যে গ্যাস না পেলে আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে গ্যাস সংযোগ না পেলে আন্দোলনে নামার ডাক দিয়েছে চিচাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম কামাল উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহীম, সদস্যসচিব মো, নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চার বছর ধরে সংশ্লিষ্ট সব পর্যায়ে দাবি জানানো সত্ত্বেও পার্শ্ববর্তী বহুজাতিক কারখানা কাফকোকে সারা বছর গ্যাস সরবরাহ করা হলেও সিইউএফএল কারখানাটি বন্ধ রয়েছে। ইতিমধ্যে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ২৮ ফেব্রুয়ারি ও ২৮ জুলাইয়ে অনুষ্ঠিত বৈঠকে সিইউএফএল এবং কাফকোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট প্রধানমন্ত্রী বিসিআইসির নিয়ন্ত্রণাধীন পাঁচটি বন্ধ সার কারখানায় অবিলম্বে গ্যাস সরবরাহের নির্দেশ দেন। এর পরও নয় মাস ধরে বন্ধ থাকা সিইউএফএলে গ্যাস সংযোগ না দিয়ে কাফকো চালুর জন্য গ্যাস সংযোগ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিইউএফএল ১৯৮৮-৮৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত ২১ বছরে ৯৬ লাখ ৬৪ হাজার ৭৬৩ মেট্রিক টন সার উৎপাদিত হয়। ২০০৯-১০ থেকে ২০১২-১৩ অর্থবছরে কেজিডিসিএল প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না করায় মোট ৯৭৬ দিন গ্যাস উৎপাদন বন্ধ ছিল।