৭-৮ হাজার হজযাত্রী পরিবহনে সংকটের আশঙ্কা স্থায়ী কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সাত থেকে আট হাজার হজযাত্রী পরিবহন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির একাধিক সদস্য। তাঁরা বিমানের হজ ফ্লাইটের জন্য আরেকটি উড়োজাহাজ ভাড়া করার পক্ষে আবারও বক্তব্য দেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মইনউদ্দিন খান বাদল বিমানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘অতীত অভিজ্ঞতা নিয়ে আমি দেখতে পাচ্ছি, সাত আট হাজার হজযাত্রী এবার হজে যেতে পারবেন না। তাই, মন্ত্রীর উচিত আরেকটি উড়োজাহাজ বিমানের বহরে রাখা।’মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সব সদস্য, বিমানমন্ত্রী জি এম কাদের, মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সাংসদ মইনউদ্দিন খান বাদল বলেন, ‘হজ এজেন্সিগুলো হজ ফ্লাইটের প্রথম দিকে টিকিট না কাটায় অনেক আসন খালি যায়। আর শেষের দিকে যাত্রীদের চাপ বেশি পড়ে। সে কারণে প্রতিবছর অনেক স্লট (উড়োজাহাজ নামার অনুমতি) হারাতে হয় বিমানকে। একই কারণে এবারও বিমানকে কমপক্ষে ১০টি স্লট হারাতে হবে।’মইনউদ্দিন খান বাদলের বক্তব্যের জবাবে বিমানমন্ত্রী জি এম কাদের বলেন, হজযাত্রী পরিবহন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে তিনি আশাবাদী। প্রসঙ্গত, এর আগে সংসদীয় কমিটির সদস্যরা হজের জন্য নাইজেরিয়ার কাবো এয়ারলাইনসের বিতর্কিত একটি উড়োজাহাজ ভাড়া করার জন্য বিমানের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। ওই উড়োজাহাজটি বিশেষ বিবেচনায় ভাড়া করার ব্যাপারে বিমানমন্ত্রীর সায় না দেওয়া, এ নিয়ে তাঁর সঙ্গে সংসদীয় কমিটি ও বিমান কর্তৃপক্ষের টানাপোড়েন চলছে।বিমান সূত্রে জানা গেছে, হজযাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ বিমানের ভাড়া করা বোয়িং-৭৪৭ উড়োজাহাজ দুটি ঢাকায় এসে পৌঁছেছে। কিন্তু বিমান দুটি গতকাল বিকেল পর্যন্ত সৌদি আরব থেকে ‘ফরেন অপারেটর ক্লিয়ারেন্স’ (এফওসি) পায়নি। তাই ওই দুটি দিয়ে উদ্বোধনী হজ ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা দেখা দেয়। এ কারণে গতকাল সংসদীয় স্থায়ী কমিটি হঠাৎ এই বৈঠক ডাকে।অবশ্য বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাকিদের বলেন, হজ ফ্লাইট নিয়ে কোনো অঘটন ঘটবে না। ডিসি-১০ দিয়েই কাল (আজ শুক্রবার) হজ ফ্লাইট শুরু হবে।পরে রাতে বিমানমন্ত্রী প্রথম আলোকে বলেন, ভাড়ায় আনা উড়োজাহাজ দুটির এফওসি সন্ধ্যায় এসে পৌঁছেছে। আজ থেকে হজ ফ্লাইটে ওই দুটি বোয়িং ব্যবহারের কোনো বাধা নেই।